বাড়ির দুর্গাপুজোর প্রতিমার জন্য গয়না তৈরি করেই শুরু হয়েছিল পথচলা। সেই শখই আজ বালুরঘাটের ২৪ বছরের তরুণ দেবজ্যোতি মোহরার প্রধান জীবিকা। তাঁর হাতে তৈরি প্রতিমার অলঙ্কার এখন দক্ষিণ দিনাজপুরের গণ্ডি পেরিয়ে কলকাতা, শিলিগুড়ি, রায়গঞ্জের পাশাপাশি বিহার ও উত্তরপ্রদেশের বিভিন্ন পুজো মণ্ডপে পৌঁছচ্ছে। এমনকি দু’বছর আগে তাঁর তৈরি গয়না পাড়ি দিয়েছিল সুদূর ক্যালিফোর্নিয়াতেও। বালুরঘাটের নেপালিপাড়ার বাসিন্দা দেবজ্যোতির কাজের ব্যস্ততা এখন তুঙ্গে। মহালয়ার আগে মৃৎশিল্পীদের হাতে প্রতিমার সাজ পৌঁছে দিতে দিন-রাত কাজ করছেন তিনি। তাঁর লক্ষ্য, সময়ের আগেই সব অর্ডারের কাজ শেষ করা। (Debjyoti Mohara Balurghat Artist)
১৭ বছর বয়সে শুরু
দেবজ্যোতির এই কাজের শুরু মাত্র ১৭ বছর বয়সে। নিজের বাড়ির দুর্গাপুজোর প্রতিমার জন্য প্রথম গয়না তৈরি করেন তিনি। সেই কাজ নজর কাড়ে স্থানীয়দের। প্রশংসা পেয়ে ধীরে ধীরে বাড়তে থাকে তাঁর উৎসাহ। (Debjyoti Mohara Balurghat Artist) এরপর স্থানীয় পুজো উদ্যোক্তাদের কাছ থেকে অর্ডার আসতে শুরু করে। পরে কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপ থেকেও কাজের বরাত পান তিনি।
সংসারের দায়িত্ব কাঁধে
২০২১ সাল থেকে প্রতিমার অলঙ্কার তৈরির কাজকেই পেশা হিসেবে বেছে নেন দেবজ্যোতি। বাবার অসুস্থতা এবং সংসারের দায়িত্বও তখন তাঁর কাঁধে। বর্তমানে কলকাতার বড়বাজার থেকে কাঁচামাল এনে বাড়িতেই কাজ করেন তিনি। সঙ্গে রয়েছেন ৫-৬ জন মহিলা কর্মী। কাজে সহযোগিতা করেন তাঁর মা-বাবাও। এই বছরে তাঁর তৈরি অলঙ্কার শোভা পাবে শিলিগুড়ি, রায়গঞ্জ ও কলকাতার বিভিন্ন পুজোয়। বিহার এবং উত্তরপ্রদেশের পুজো মণ্ডপেও যাচ্ছে তাঁর তৈরি প্রতিমার সাজ। (Debjyoti Mohara Balurghat Artist)
মিলেছে স্বীকৃতিও
কাজের জন্য ইতিমধ্যেই জেলা পুলিশ প্রশাসনের কাছ থেকে পুরস্কার ও সম্মান পেয়েছেন দেবজ্যোতি। তবে সাফল্যের পরেও কাজের প্রতি তাঁর নিষ্ঠায় কোনও বদল আসেনি। তাঁর কথায়, মহালয়ার আগেই প্রতিমার অলঙ্কার মৃৎশিল্পীদের হাতে পৌঁছে দেওয়াই এখন প্রধান লক্ষ্য। (Debjyoti Mohara Balurghat Artist)












2 thoughts on “বাড়ির প্রতিমার জন্য গয়না বানানো থেকে শুরু, আজ বালুরঘাটের দেবজ্যোতির তৈরি অলঙ্কারের চাহিদা দেশ-বিদেশে”
Comments are closed.