Site icon Hindustan News Point

Baruipur Election 2026: টোটোয় ভাঙচুর, ছেঁড়া হলো ফ্লেক্স, বারুইপুরে BJP-র প্রচারে হামলা

Baruipur Election 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারুইপুর সভার আগের রাতেই উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনায়। বিজেপির প্রচার টোটোতে হামলা, চালককে মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ ঘিরে সরগরম বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিজেপি তৃণমূলের মধ্যে কাদা ছোড়াছুড়ি। (Baruipur Election 2026)

বিজেপির অভিযোগ, বৃহস্পতিবার অজয় হালদার নামে এক টোটো চালকের গাড়ি ভাড়া করে কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার চালানো হচ্ছিল। চণ্ডীপুর থেকে প্রচার করতে করতে চাকারবেড়িয়া মাদ্রাসার সামনে পৌঁছতেই কয়েকজন তৃণমূল কর্মী বাধা দেয় বলে অভিযোগ। এরপর চালককে বেধড়ক মারধর করা হয় এবং টোটো ভাঙচুরের পাশাপাশি ছিঁড়ে ফেলা হয় প্রচারের ফ্লেক্স ও ব্যানার। (Baruipur Election 2026)

টোটো চালক অজয় হালদারের বক্তব্য অনুযায়ী, তিনি গাড়ির সাউন্ড বন্ধ করেই এগোচ্ছিলেন। সেই সময় কয়েকজন যুবক আচমকাই তাঁকে ঘিরে ধরে। তিনি অভিযোগ করেন, খোকন সানা নামে এক ব্যক্তি প্রথমে তাঁর উপর হামলা চালায়। তাঁকে গাড়ি থেকে নামানোরও চেষ্টা করা হয়। পরে লাঠিসোটা দিয়ে টোটোতে ভাঙচুর চালানো হয়। মাথায় চোটও পান তিনি। ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল। রাতেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সুরজিৎ পুরকায়েত। তাঁর দাবি, বিজেপির অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। তৃণমূল উন্নয়ন ও মানুষের কাজ নিয়েই ভোটে লড়ছে বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, “মোদীর সভাকে কেন্দ্র করে আমাদের কোনও মাথাব্যথা নেই। বিজেপি শুধু প্রচারে থাকতে মিথ্যা অভিযোগ তুলছে।”(Baruipur Election 2026)

ভোটের আগে এই ধরনের ঘটনা রাজনৈতিক উত্তাপ আরও বাড়াচ্ছে। তবে সত্যিই রাজনৈতিক হামলা নাকি অন্য কোনও কারণ, তা তদন্ত করে দেখছে পুলিশ। গণতন্ত্রের লড়াই যেন হিংসার পথে না যায়, সেই বার্তাই দিচ্ছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন : Voter Died: পরিবারের নাম বাদ যাওয়ায় চিন্তা! ভোট দিয়ে ফেরার পথেই মৃত্যু বৃদ্ধার


Exit mobile version