বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার জেরে রাস্তা অবরোধ করে অশান্তির মামলায় সিপিআইএম নেতা লাহেক আলিকে গ্রেফতার করলো বারুইপুর থানার পুলিশ। পুলিশের দাবি, বিক্ষোভের সময় পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে এবং উস্কানি দেওয়ার ক্ষেত্রে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। (Lahek Ali Arrested)
উল্লেখ্য, গত রবিবার ৫ জুলাই, দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে ধর্ষিতা নাবালিকার দেহ উদ্ধারের পর এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। একাধিক জায়গায় পথ অবরোধ করে প্রতিবাদ করা হয়। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। এই ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে শুরু থেকেই লাহেক আলির নাম উঠে আসে। পুলিশের অভিযোগ, তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে বিক্ষোভকারীদের উস্কানি দিয়েছিলেন, যার ফলে পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে। তদন্তে সংগৃহীত তথ্য ও অন্যান্য প্রমাণ খতিয়ে দেখার পর আজ তাঁকে গ্রেফতার করা হলো।
প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে লাহেল আলি বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে বাম প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছিলেন। সূর্যপুরের এই অশান্তির ঘটনায় এই প্রথম কোনও রাজনৈতিক নেতাকে গ্রেফতার করা হলো। এই বিষয়ে হিন্দুস্থান নিউজ পয়েন্ট কথা বলেছিল বাম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কী জানালেন তিনি? (Lahek Ali Arrested)
সায়ন বন্দ্যোপাধ্যায়ের কথায়, লাহেক আলির গ্রেফতার শুধুমাত্র ‘রাজনৈতিক প্রতিহিংসা’। ইতিমধ্যে তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছানোর পর ইচ্ছাকৃতভাবে লাহেক আলির বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের করা হয় বলেও দাবি বাম নেতার।
দ্বিতীয়বার বারুইপুরে শুভেন্দু, দুই নিহতের পরিবারের পাশে দাঁড়িয়ে প্রতিশ্রুতি পূরণ সরকারের
একইসঙ্গে তিনি বলেন, ‘সরকার বদল হলেও সরকারের মনোভাবে কোনও পরিবর্তন আসেনি। আগের তৃণমূল সরকারের আমলে মুখ্যমন্ত্রীও তদন্তের আগেই কে দোষী বা কে নির্দোষ তা ঘোষণা করে দিতেন, এখনকার মুখ্যমন্ত্রীও সেই একই কাজ করছেন। উনি ধর্ষিতার বাড়িতেও যাচ্ছেন আবার যিনি ধর্ষণের সঙ্গে যুক্ত বলে স্বীকার করেছেন তার বাড়িতেও গিয়ে ২৫ লক্ষ টাকার অনুদান দিচ্ছেন। আমরা কেউ গণপিটুনি কে সমর্থন করি না। কিন্তু লাহেক আলিকে গ্রেফতার করা হয়েছে যাতে সিপিআইএমকে চুপ করিয়ে দেওয়া যায়। প্রতিবাদে তো ভালো তৃণমূল, বালিশ তৃণমূল সকলে গিয়েছিল কেউ কি গ্রেফতার হয়েছে?’ (Lahek Ali Arrested)
তবে এই ঘটনার তীব্র প্রতিবাদ বামেরা করবে, বলেই জানালেন সায়ন বন্দ্যোপাধ্যায়। রাস্তা, আদালত, আদালতের বাইরে সব জায়গায় এই মামলা লড়া হবে বলেও জানান তিনি।

