সরকারি দফতরে সময়মতো হাজিরা নিশ্চিত করতে এবার অভিনব উদ্যোগ নিল রামপুরহাটের বিজেপি বিধায়ক। সোমবার সকালে বীরভূমের রামপুরহাট মহকুমাশাসকের দফতরে গিয়ে সরকারি কর্মীদের হাতে পদ্মফুল তুলে দিলেন রামপুরহাট কেন্দ্রের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। দেরিতে অফিসে আসা কর্মীদের উদ্দেশে এই পদ্মফুল দেওয়ার ঘটনায় ইতিমধ্যেই এলাকায় শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।
রাজ্যে বিজেপি সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি কর্মচারীদের নির্দিষ্ট সময় মেনে অফিসে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে সেই নির্দেশ বাস্তবে কতটা কার্যকর হচ্ছে, তা খতিয়ে দেখতেই সোমবার সকালে রামপুরহাট মহকুমা শাসক দফতরে পৌঁছে যান বিধায়ক ধ্রুব সাহা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন একাধিক বিজেপি নেতা কর্মীও। (BJP MLA’S Innovative Initiative)
দফতরে গিয়ে দেখা যায়, অফিস শুরুর নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও বেশ কয়েকজন কর্মী অফিসে প্রবেশ করছেন। এরপরই তাঁদের হাতে একটি করে পদ্মফুল তুলে দেন বিজেপি নেতৃত্বরা। একই সঙ্গে অনুরোধ করা হয়, আগামী দিনে যেন সরকারি নিয়ম মেনে সময়মতো অফিসে আসেন তাঁরা। অনেকেই সেই ফুল হাসিমুখে গ্রহণ করেন।
Mamata Banerjee: ‘বাংলা বুলডোজার রাজনীতিতে বিশ্বাসী নয়’, হকার উচ্ছেদ নিয়ে সরব মমতা
অন্যদিকে, যেসব কর্মী নির্ধারিত সময়ের মধ্যেই অফিসে পৌঁছেছিলেন, তাঁদেরও পদ্মফুল দিয়ে শুভেচ্ছা জানান বিধায়ক। বিজেপির দাবি, কাউকে অপমান বা কটাক্ষ করা নয়, বরং সরকারি দফতরে সময়ানুবর্তিতার বার্তা দিতেই এই অভিনব কর্মসূচি নেওয়া হয়েছে। (BJP MLA’S Innovative Initiative)
ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নানা আলোচনা। প্রশাসনিক কাজে শৃঙ্খলা ফেরাতে বিজেপি নেতৃত্বের এই নয়া উদ্যোগ আদৌ কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার।

