SIR-এর কাজ মিটলেও স্বস্তিতে নেই। ভোটার তালিকা বিতর্কের জেরে এবার BLO–র বাড়িতে হামলার অভিযোগ (BLO Attack)। এক BLO–র বাড়িতে দুষ্কৃতীদের হামলার অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। ঘটনায় আতঙ্কিত BLO মনীন্দ্রনাথ দাসের অভিযোগ, প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই ফোনে হুমকি দেওয়া হচ্ছিল তাঁকে। সোমবার রাতেও তেমন একটি ফোন এসেছিল। তরপর গভীর রাতে বাড়িতে হামলা চালানো হয়। বড় আধলা ইট ছুঁড়ে তাঁর বাড়ির দরজায় হামলা চালায় দুষ্কৃতীরা। ইটের ঘায়ে বাড়ির দরজার একটি অংশ ভেঙে গিয়েছে। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন দাস পরিবার।
কাকদ্বীপের থানার পশ্চিম গোবিন্দপুরের বাসিন্দা মনীন্দ্রনাথ দাস ৮৫ নম্বর বুথের BLO–র দায়িত্বে। তিনি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। সম্প্রতি তাঁর বুথের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়। তালিকা প্রকাশের পর দেখা যায়, ১৬৩ জন ভোটারের নাম বাদ গিয়েছে। এছাড়াও ২৭ জন ভোটারের নাম এখনও বিচারাধীন রয়েছে।

এরপর থেকেই তাঁর কাছে হুমকির ফোন আসতে শুরু করে বলে মনীন্দ্রনাথবাবুর অভিযোগ। এমনকি বাড়িতে গিয়েও এক মহিলা তাঁকে হুমকি দিয়েছেন বলে জানান তিনি। সোমবার রাতের ঘটনার পর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে বলে জানিয়েছেন তিনি। BLO-র দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তি হামলার নেপথ্যে রয়েছেন।
বিষয়টি নিয়ে কাকদ্বীপ BDO–র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন মনীন্দ্রনাথবাবু। পাশাপাশি থানাতেও অভিযোগ জানানো হয়েছে। মনীন্দ্রনাথের দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পিছনে তাঁর কোনও ভূমিকা নেই। কিন্তু তবুও তিনি ও তাঁর পরিবারকে নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে হচ্ছে। রাতেও ঠিকমতো ঘুমোতে পারছেন না বলে জানিয়েছেন তিনি।










1 thought on “BLO Attack: ভোটার তালিকা নাম নেই, রাগে BLO–র বাড়িতে হামলা”