চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলেও ৬০ লক্ষের নাম ‘অমীমাংসিতের’ তালিকায়। প্রশ্ন উঠছে, কবে বাংলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে? ৭ মে’র মধ্যে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ না হলে, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। এই আবহে ভোটের নির্ঘণ্ট ঘোষণা নিয়ে কী বলছেন CEO মনোজ আগরওয়াল? (CEO Monoj Agarwal) অমীমাংসিতের তালিকায় ৬০ লক্ষের নাম নিয়ে কী বক্তব্য তাঁর? রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন তিনি। কী বললেন রাজ্যের সিইও?
“নির্দিষ্ট সময়েই নির্বাচন হবে, আশঙ্কার কিছু নেই। ৫ টা রাজ্যে নির্বাচন হবে। বাকি ৪ জায়গায় হবে আর বাংলায় কেন হবে না? চিন্তার কোনও কারণ নেই”, জানালেন সিইও মনোজ আগরওয়াল।
এছাড়াও তিনি বলেন, ‘আমরা বৈঠক করব, আগামীকাল সকাল থেকেই বৈঠক রয়েছে। আমি বৈঠকে নিজেই থাকবো। পরিকল্পনা মাফিক সবকিছু হবে। আলোচনা চলছে।’
শুনানিতে নথি দেওয়ার পরও অ্যাডজুডিকেশনে নাম থাকা নিয়ে মনোজ আগরওয়াল বলেন, “এইভাবে আমি কিছু বলতে পারব না। ডিইও-র কাছে রিপোর্ট চেয়েছি। তথ্য প্রমাণ অনুসন্ধান করে তবে কিছু বলতে পারব। আমরা আইনগতভাবেই ব্যবস্থা নেব।”
তবে মনোজ এও আভাস দেন, ‘‘মনোনয়নের শেষ দিন পর্যন্ত যাঁদের নাম থাকবে সবাই ভোট দিতে পারবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ধাপে ধাপে তালিকা বার হবে।’’
সোম এবং মঙ্গলবার তাঁদের বেশ কিছু কর্মসূচি রয়েছে পশ্চিমবঙ্গে। সর্বদলীয় বৈঠকও করার কথা। সিইও জানান, স্বীকৃত আটটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে ফুল বেঞ্চ। প্রত্যেক রাজনৈতিক দলকে ১৫ মিনিট করে সময় দেওয়া হবে।
পশ্চিমবঙ্গে এসআইআর-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে ৬৩ লক্ষ নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। তাঁদের কেউ মৃত, কেউ স্থানান্তরিত, কেউ গরহাজির, কারও অন্য জায়গায় নাম রয়েছে। আরও ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ নাম ‘অ্যাডজুডিকেশন’ বা ‘বিবেচনাধীন’। সুপ্রিম কোর্টের অনুমোদনে ওই ‘বিবেচনাধীন’ ভোটারদের নথি খতিয়ে দেখছেন এসআইআর-এর কাজে নিযুক্ত বিচারকেরা।










