ভোটের আদর্শ আচরণ বিধি লাগু হতেই সরানো হল রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে। নতুন মুখ্যসচিব হলেন দুষ্মন্ত নারিয়ালা। সোমবার বিকেলের মধ্যেই দায়িত্ব নেবেন নতুন মুখ্যসচিব। (Election 2026)
ইতিমধ্যে বেজে গিয়েছে ভোটের দামামা। রবিবার বিকেলে বাংলা-সহ পাঁচ রাজ্যর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। দিন ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল নির্বাচন কমিশনের। রবিবার রাতেই রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে দেওয়ার নির্দেশ জারি করেছে কমিশন। (Election 2026)
নির্বাচন কমিশন সূত্রে খবর , রাজ্যের মুখ্যসচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে তার জায়গায় আনা হয়েছে দুশ্যন্ত নারিয়ালাকে। একইসঙ্গে পরিবর্তন আনা হয়েছে স্বরাষ্ট্রসচিব পদেও। এই দায়িত্বে থাকা জগদীপ প্রসাদ মিনা-কে সরিয়ে নতুন স্বরাষ্ট্রসচিব করা হয়েছে সঙ্ঘমিত্রা ঘোষকে।
কমিশনের নির্দেশ অনুযায়ী, সোমবার দুপুর ৩ টার মধ্যে নতুন মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালা এবং স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ তাঁদের দায়িত্ব গ্রহণ করবেন।
১৯৯৩ সালের ব্যাচের আইএএস আধিকারিক দুশ্যন্ত নারিয়ালা দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার অধিকারী। অতীতে তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দফতেরে অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্ব সামলেছেন। এছাড়াও রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর এবং অসামরিক প্রতিরক্ষা দফতরের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন।(Election 2026)
অন্যদিকে ১৯৯৭ সালের ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস আধিকারিক সঙ্ঘমিত্রা ঘোষ এতদিন নারী ও শিশুকল্যাণ দফতরের প্রধান সচিব হিসেবে কর্মরত ছিলেন। তাঁকে এবার স্বরাষ্ট্রসচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার বিকেল চারটের সময় বাংলার বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই মুহূর্ত থেকেই রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। নির্বাচন ঘোষণার পরপরই রাজ্য পুলিশের এডিজি এবং সংশ্লিষ্ট নোডাল অফিসারদের কাছেও একাধিক নির্দেশ পাঠানো হয়।
কমিশন জানায় , গত লোকসভা ভোটের আগে, ভোটের দিন এবং ভোট-পরবর্তী সময়ে যে সব এলাকায় অশান্তি বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিল। সেই সব থানায় দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের বিস্তারিত তালিকা চেয়ে পাঠানো হয়েছে।
কয়েকদিন আগেই এই সংক্রান্ত তথ্য রাজ্য পুলিশের কাছে চেয়েছিল নির্বাচন কমিশন। বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই ফের সংশ্লিষ্ট থানাগুলির অফিসারদের তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের তরফে জানানো হয়, সোমবার বিকেল ৪ টার মধ্যে এই তালিকা জমা দিতে হবে।(Election 2026)
প্রসঙ্গত, চলতি বছরের বিধানসভা নির্বাচন রাজ্যে দু’দফায় হবে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। ভোটের ফল প্রকাশ হবে ৪ মে।
প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ। এই পর্যায়ে ভোট হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলায়।
দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোট হবে ১৪২ আসনে। এই পর্যায়ে ভোট হবে কলকাতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায়।(Election 2026)

