ভারতের ডিফেন্স সেক্টরের উন্নতির জন্য আরও বড় দায়িত্ব পড়ল ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরির। উত্তর ২৪ পরগনার এই কারখানায় তৈরি হবে ৫০০ ও ১০০০ কেজি ওজনের এরিয়াল বোমার বডি। শুধু বোমার বডিই নয়, ভারী কামান ও বিভিন্ন যুদ্ধ সরঞ্জামের গুরুত্বপূর্ণ অংশ তৈরির ক্ষমতাও বাড়তে চলেছে। নতুন পরিকাঠামোয় প্রতিরক্ষা উৎপাদনে বড় পরিবর্তনের অপেক্ষায় ইছাপুর। (Ichapur Metal and Steel Factory)
৭৫১ কোটির দুই প্রকল্প
রবিবার গার্ডেন রিচ থেকে ভার্চুয়ালি ৭৫১ কোটি টাকার বেশি মূল্যের দু’টি প্রকল্পের উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। ৪৭৩.৮৪ কোটি টাকা খরচে তৈরি হচ্ছে অত্যাধুনিক ফরজিং প্ল্যান্ট। পাশাপাশি ২৭৭.৫৯ কোটি টাকা ব্যয়ে পুরনো ২৬৫০ টনের প্রেসের জায়গায় বসানো হচ্ছে ৩০০০ টনের নতুন প্রেস।
কারখানা কর্তৃপক্ষের দাবি, এই নতুন ব্যবস্থা চালু হলে ভারী ধাতব অংশ তৈরির কাজ আরও দ্রুত এবং নিখুঁত হবে। ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরির এক্সিকিউটিভ ডিরেক্টর কুন্দন সিং জানান, প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে হট ফরজিংয়ের চাহিদা ক্রমশ বাড়ছে। সেই চাহিদার কথা মাথায় রেখেই উৎপাদন ক্ষমতা বাড়ানো হচ্ছে। (Ichapur Metal and Steel Factory)
তিন থেকে পাঁচ বছরের লক্ষ্য
ইতিমধ্যেই ৫০০ ও ১০০০ কেজির এরিয়াল বোমার বডির প্রোটোটাইপ তৈরি হয়েছে। প্রযুক্তিগত প্রস্তুতিও প্রায় শেষ। কয়েকটি সংস্থার সঙ্গে আলোচনা চলছে। আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে ইছাপুরকে দেশের অন্যতম বড় এরিয়াল বোমা উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। (Ichapur Metal and Steel Factory)
দেশের পাশাপাশি বিদেশের বাজারেও পৌঁছতে চাইছে কারখানা কর্তৃপক্ষ। তাদের আশা, আগামী আর্থিক বছর থেকেই এরিয়াল বোমা রপ্তানি শুরু করা সম্ভব হবে।
নতুন প্রযুক্তিতে ভবিষ্যতে রেল, পরমাণু শক্তি প্রকল্প এবং প্রতিরক্ষা শিল্পের জন্য প্রয়োজনীয় উচ্চমানের যন্ত্রাংশও তৈরি করা যাবে। ১৯০৫ সালে প্রতিষ্ঠিত এই কারখানা বর্তমানে কামানের ব্যারেল, ব্রিচ রিং, ব্রিচ ব্লক-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ তৈরি করে। সেনাবাহিনীর কে-৯ বজ্র হাউইটজারের জন্যও যন্ত্রাংশ সরবরাহ করে ইছাপুর। (Ichapur Metal and Steel Factory)
আরও পড়ুন :- VIP সংস্কৃতিতে ‘না’, সাদা তোয়ালে সরিয়ে ভাইরাল IAS অফিসার তুকারাম মুন্ডে









1 thought on “এরিয়াল বোমা থেকে ভারী কামান, প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন দায়িত্ব ইছাপুরের”