IPAC-কাণ্ডের তদন্ত আরও জোরদার করল কলকাতা পুলিশ। লাউডন স্ট্রিটের একটি আবাসনের রেজিস্টার বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা। পুলিশের দাবি, ওই রেজিস্টারে আইপ্যাক-এর সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির যাতায়াতও থাকার গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।
সূত্রের খবর, লাউডন স্ট্রিটের ওই আবাসনে গত কয়েক মাসে কারা কারা এসেছেন, কতদিন ছিলেন এবং কার সঙ্গে যোগাযোগ রেখেছেন—সেসব তথ্য খতিয়ে দেখতেই ওই রেজিস্টার বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীদের অনুমান, IPAC-কাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ওই আবাসনে থেকেছেন বা নিয়মিত যাতায়াত করেছেন।
কলকাতা পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত রেজিস্টার খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। প্রয়োজনে আবাসনের মালিক ও কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ইতিমধ্যেই কিছু নাম পুলিশের নজরে এসেছে, যাদের সঙ্গে IPAC-কাণ্ডের সঙ্গে যোগসূত্র থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই মামলায় আর্থিক লেনদেন ও যোগাযোগের সূত্র খুঁজে বের করাই এখন তদন্তের মূল লক্ষ্য। সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের কল ডিটেলস এবং আবাসনের নথি মিলিয়ে ঘটনার পূর্ণ চিত্র স্পষ্ট করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, আইপ্যাক-কাণ্ড ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন নতুন তথ্য সামনে আসছে। কলকাতা পুলিশের এক আধিকারিকের কথায়, “তদন্ত প্রক্রিয়া সঠিক দিকেই এগোচ্ছে। প্রয়োজন হলে আরও নথি ও প্রমাণ সংগ্রহ করা হবে।”












