মৌমাছির উপদ্রবে কার্যত অচল হয়ে পড়েছে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোর পরিষেবা। শুক্রবার থেকে আউটডোর বিভাগের মূল গেট বন্ধ রাখতে বাধ্য হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে চিকিৎসা করাতে আসা বহু রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের সমস্যায় পড়তে হচ্ছে।
হাসপাতালের সামনের একটি বড় গাছে বেশ কিছুদিন ধরেই একটি বড় মৌচাক ছিল। হঠাৎ করেই সেখান থেকে মৌমাছির ঝাঁক নেমে এসে হাসপাতাল চত্বরে আক্রমণ শুরু করে। আচমকা এই আক্রমণে এক চিকিৎসক, কয়েকজন হাসপাতাল কর্মী এবং রোগীর পরিজন আহত হন। অনেকেই আতঙ্কে দৌড়ঝাঁপ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা দ্রুত ব্যবস্থা নেন।খবর পেয়ে বন দপ্তর ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ সময় চেষ্টা করেও মৌচাক সরানো সম্ভব হয়নি। মৌমাছিরা এখনও গাছের আশপাশে ঘোরাফেরা করছে। নিরাপত্তার কথা ভেবে আপাতত আউটডোরের প্রধান গেট বন্ধ রাখা হয়েছে। (Jhargram Medical College)
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগী পরিষেবা পুরোপুরি বন্ধ করা হয়নি। অন্য একটি প্রবেশপথ ব্যবহার করে সীমিত পরিষেবা চালু রাখার চেষ্টা করা হচ্ছে। তবে সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতি ফিরবে না বলেই মনে করা হচ্ছে। দ্রুত নিরাপদ উপায়ে মৌচাক সরিয়ে পরিষেবা স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে রোগীদের অভিযোগ, হঠাৎ গেট বন্ধ থাকায় অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ছেন। দূরদূরান্ত থেকে আসা রোগীদের বাড়তি ভোগান্তি হচ্ছে। প্রশাসনের তরফে দ্রুত স্থায়ী সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। (Jhargram Medical College)











