রাজনৈতিক কর্মসূচি থেকে ফেরার পথে আক্রান্ত হওয়ার অভিযোগ বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক বিভাস সর্দার। শনিবার সন্ধ্যায় জয়নগরের মনসাতলা ও গোলবেড়িয়া হাট এলাকায় তাঁর গাড়িতে পরপর দু’বার হামলা চালানো হয় বলে অভিযোগ। গাড়িতে ভাঙচুরের পাশাপাশি তাঁকে মারধর এবং লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগও তুলেছেন বিধায়ক। যদিও বোমাটি ফাটেনি বলে দাবি তাঁর। (TMC MLA Attack) ঘটনার পর আহত বিভাসকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখম হয়েছেন তাঁর নিরাপত্তারক্ষীও বলে অভিযোগ।
মনসাতলা থেকে গোলবেড়িয়া হাট, দু’বার হামলা
বিভাস সর্দার জানান, শনিবার বিকেলে ধোসা চন্দনেশ্বর অঞ্চলে জনসংযোগ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। জনসংযোগ করে বাড়ি ফেরার পথে মনসাতলা এলাকায় তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। প্রথমে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। এরপর ইট ও পাথর ছুড়ে গাড়ির কাচ ভাঙা হয়। সেখান থেকে কোনওমতে গাড়ি নিয়ে বেরিয়ে আসেন বিধায়ক। কিন্তু গোলবেড়িয়া হাটের কাছে ফের তাঁর গাড়ি ঘিরে হামলা চালানো হয় বলে অভিযোগ। সেই সময় বাজারে বহু মানুষ উপস্থিত ছিলেন। তাঁদের সামনেই গাড়ি ভাঙচুর করা হয় বলে দাবি বিভাসের। তাঁকে গাড়ি থেকে নামিয়ে মারধরের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেছেন তিনি। (TMC MLA Attack)
সন্দীপ নায়ারের বিরুদ্ধে অভিযোগ
এই হামলার পিছনে বিজেপির মণ্ডল সভাপতি সন্দীপ নায়ারের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন বিভাস সর্দার। তাঁর দাবি, সন্দীপের নেতৃত্বে ১০-১২ জন হামলা চালায়। সমীর, ভগবান ও রাজু-সহ কয়েকজনের নামও উল্লেখ করেছেন তিনি। বিধায়কের অভিযোগ, হামলাকারীরা তাঁকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন রয়েছেন, তা নিয়ে তাঁকে হুমকি দেওয়া হয়। বাধা দিতে গেলে তাঁর নিরাপত্তারক্ষীকেও মারধর করা হয় বলে দাবি। (TMC MLA Attack)
হাসপাতালে বিধায়ক, অভিযোগ অস্বীকার বিজেপির
ঘটনার পর জয়নগর থানার আইসি এবং ধোসা হাট ক্যাম্পের ইনচার্জকে ফোন করেন বিভাস। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে। পরে তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তুললেও, তা অস্বীকার করেছে বিজেপি। (TMC MLA Attack)












1 thought on “জয়নগরে আক্রান্ত তৃণমূল বিধায়ক বিভাস সর্দার, গাড়ি ভাঙচুর ও বোমা ছোড়ার অভিযোগ”
Comments are closed.