তারাতলাকাণ্ডের (Taratala Godown Disaster) প্রতিবাদে তৃণমূল কংগ্রেস ছাড়লেন বিশ্বরূপ দে। সমাজমাধ্যমে একটি ভিডিয়োবার্তার মাধ্যমে এমনটাই জানান, কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে (Biswarup Dey)।
বিশ্বরূপ জানান, তারাতলার ঘটনায় তিনি অত্যন্ত ব্যথিত। গুদামের নকশা অনুমোদনে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম স্বাক্ষর করেছিলেন বলে মুখ্যমন্ত্রীর মন্তব্য থেকে তিনি জেনেছেন। এটা জানার পরই তৃণমূল ত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। তিনি অনেক ভুল কাজ করেছেন বলে স্বীকার করে নেন বিশ্বরূপ। এর জন্য প্রায়শ্চিত্ত করার কথাও জানান তিনি। ভিডিয়ো বার্তায় তিনি জানান, তৃণমূলের গাফিলতিতে তারাতলার বিপর্যয় ঘটেছে। তাই তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছেন। তাঁর কথায়, “তৃণমূল কংগ্রেস ও জোড়াফুলের সঙ্গে আর নিজেকে জড়িয়ে রাখতে চাই না। যা করেছি ভুল করেছি। আগামীদিনে হয়তো তার প্রায়শ্চিত্ত করতে হবে।”
যেদিন তিনি দল ছাড়ার ঘোষণা করেন, সেদিনই বিকেলে উত্তর কলকাতা জেলা তৃণমূলের উদ্যোগে ‘আমরা বেইমান নই’ শীর্ষক একটি কর্মিসভায় উপস্থিত ছিলেন। কালীঘাট-ঘনিষ্ঠ তৃণমূল নেতৃত্বের উদ্যোগে আয়োজিত সেই সভা থেকে ফিরে রাতেই তিনি দলত্যাগের কথা ঘোষণা করেন। ফলে তাঁর এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে আরও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে (Biswarup Dey)।
আরও পড়ুন :- মঞ্চেই প্রসব, তারপর ফের অভিনয়! শ্রদ্ধা কাপুরের ‘ঈথা’র নেপথ্যে তামাশা কিংবদন্তি বিত্ঠাবাইয়ের অবিশ্বাস্য জীবন
এখন প্রশ্ন শুধুই কি তারাতলাকাণ্ড? নাকি দলের মধ্যে কোন্দল। যদিও বিশ্বরূপ তারাতলার পাশাপাশি গার্ডেনরিচে বিপর্যয়ের কথাও মনে করিয়ে দেন। গতকালই বিধানসভায় দাঁড়িয়ে তারাতলা বিপর্যয়ের জন্য তৃণমূলকে দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন, তারাতলার গোডাউনের বিল্ডিং প্ল্যানে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সই রয়েছে। তাঁর মুখে শোনা যায় ফিরহাদের প্রাক্তন ওএসডি কালীর নামও। সেই সূত্র ধরেই তারাতলা বিপর্যয়েও জড়িয়ে যায় ‘কালীঘাট তৃণমূলে’র সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম।

