মহারাষ্ট্রের লোকশিল্প ‘তামাশা’-র ইতিহাসে বিত্থাবাই ভাউ মাং নারায়ণগাঁওকরের নাম আজও কিংবদন্তির মতো উচ্চারিত হয়। আর সেই কিংবদন্তি শিল্পীর জীবনকাহিনিই এবার বড়পর্দায় তুলে ধরতে চলেছে ‘ঈথা’ (Eetha) ছবি। ছবিতে বিত্থাবাইয়ের চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর। সম্প্রতি মুক্তি পাওয়া ছবির টিজার ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। (Eetha by Shraddha Kapoor)
১৯৩৫ সালের ১ জুলাই মহারাষ্ট্রের সোলাপুর জেলার পাঁধরপুরে জন্মগ্রহণ করেন বিত্থাবাই। তাঁর পরিবার বহু প্রজন্ম ধরেই তামাশা শিল্পের সঙ্গে যুক্ত ছিল। দাদু নারায়ণ খুডে একটি ভ্রাম্যমাণ তামাশা দল গড়ে তুলেছিলেন। পরে তাঁর বাবা ভাউ বাপু নারায়ণগাঁওকর সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যান। ছোটবেলা থেকেই লাবণী, গাওলান-সহ বিভিন্ন লোকশিল্পের পরিবেশে বড় হয়ে ওঠেন বিত্থাবাই। কোনও প্রাতিষ্ঠানিক অভিনয় শিক্ষা না থাকলেও গ্রাম থেকে গ্রামে ঘুরে মঞ্চে অভিনয় করেই নিজেকে গড়ে তোলেন তিনি। (Eetha by Shraddha Kapoor)
তাঁর জীবনের বড় মোড় আসে যখন বিশিষ্ট মারাঠি নাট্যকার মামা ভারেরকর তাঁর অভিনয় দেখে মুগ্ধ হন। তিনি নিজের দলে কাজের সুযোগ দেন বিত্থাবাইকে। সেই অভিজ্ঞতা তাঁর শিল্পীসত্তাকে আরও সমৃদ্ধ করে। অল্প সময়ের মধ্যেই তিনি মহারাষ্ট্রের তামাশা জগতের অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। (Eetha by Shraddha Kapoor)
বিত্থাবাইকে ঘিরে সবচেয়ে আলোচিত ঘটনা তাঁর সন্তান জন্মদানের গল্প। প্রচলিত কাহিনি অনুযায়ী, নয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় একটি তামাশা অনুষ্ঠানের মাঝেই তাঁর প্রসব বেদনা শুরু হয়। মঞ্চের আড়ালে সন্তানের জন্ম দেওয়ার পর পাথর দিয়ে নাড়ি কেটে আবার মঞ্চে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন তিনি। পরে দর্শকরা বিষয়টি জানতে পেরে তাঁকে বিশ্রাম নিতে অনুরোধ করেন। শিল্পের প্রতি তাঁর অসামান্য নিষ্ঠার প্রতীক হিসেবেই এই ঘটনা আজও স্মরণ করা হয়। (Eetha by Shraddha Kapoor)
খ্যাতির শীর্ষে থাকাকালীন সময়েও একাধিক চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন বিত্থাবাই। নাট্যপরিচালক শান্তনু ঘুলের দাবি, কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরের তরফ থেকেও তাঁর কাছে প্রস্তাব এসেছিল। কিন্তু তামাশা দল ও সেই শিল্পের সঙ্গে যুক্ত বহু মানুষের জীবিকার কথা ভেবে তিনি সিনেমায় পা রাখেননি। এই সিদ্ধান্তই তাঁকে দর্শকদের কাছে ‘তামাশা সম্রাজ্ঞী’ হিসেবে প্রতিষ্ঠিত করে। (Eetha by Shraddha Kapoor)
আরও পড়ুন :- ধীরে ধীরে ফিরছি’— পদ্মভূষণ সম্মান পাওয়ার পর স্বাস্থ্যসংকট নিয়ে মুখ খুললেন আলকা ইয়াগনিক












5 thoughts on “মঞ্চেই প্রসব, তারপর ফের অভিনয়! শ্রদ্ধা কাপুরের ‘ঈথা’র নেপথ্যে তামাশা কিংবদন্তি বিত্ঠাবাইয়ের অবিশ্বাস্য জীবন”