আজ ষষ্ঠী। মায়ের বোধন। কলকাতার পাশাপাশি দেশজুড়ে শারদোৎসবের আনন্দে মেতে উঠেছেন অনেকেই। বলিউডে দুর্গোৎসব মানেই মুখোপাধ্যায় পরিবারের ঐতিহ্যবাহী পুজো। ৮০ তম বর্ষে পদার্পণ করল এ বছরের পুজো। এবছরও বেশ জাঁকজমকভাবেই দুর্গাপুজোর হয় মুখোপাধ্যায় পরিবারে। বৃহস্পতিবার পঞ্চমীর দিন এই পুজোর সূচনা করলেন মুখোপাধ্যায় পরিবারের কন্যা, তথা জনপ্রিয় বলিউড অভিনেত্রী কাজল (Kajol)।
Kajol: বাড়ির পুজোয় মাতলেন অভিনেত্রী কাজল
মুখোপাধ্যায় পরিবারের পুজোয় অভিনেত্রী কাজল (Kajol) ছাড়াও ছিলেন, মা তনুজা, বোন তানিশা এবং খুড়তুতো ভাই তথা পরিচালক অয়ন-সহ পরিবারের অন্যান্য সদস্যরা। তাঁদের সঙ্গে নিয়েই দেবী দুর্গার প্রতিমা উন্মোচন করেন তিনি। এই মুহুর্ত গুলিই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে কাজল লিখেছেন, ‘আজকের দিনটা শুধুই মাকে ঘিরে—একজন মা হিসেবে, একজন কন্যা হিসেবে, একজন রক্ষাকর্ত্রী হিসেবে এবং সর্বোপরি দেবী হিসেবে! জয় মা দুর্গা। এ ভাবেই আমাদের উন্মাদনা শুরু হলো।’
এদিন লাল-কমলা রঙের উজ্জ্বল শাড়িতে বাঙালি লুকে ধরা দেন অভিনেত্রী। তার সঙ্গে নজরকাড়া সোনালি রঙের কানের দুল। যা তাঁর পোশাককে আরও সুন্দর করে ফুটিয়ে তুলেছে। সমাজমাধ্যমে অভিনেত্রীর পোস্ট করা ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, দুর্গাপুজোতে মেতে উঠেছেন মুখোপাধ্যায় পরিবারের সদস্যরা। টুইঙ্কল খান্না ও তাহিরা কাশ্যপের মতো তারকারাও অভিনেত্রীর কমেন্ট বক্সে ভরিয়ে শুভেচ্ছা জানান।
প্রসঙ্গত, গত ২০২৫ সালের মার্চ মাসে দেব মুখোপাধ্যায় এবং ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে কৃষ্ণা মুখোপাধ্যায়ের প্রয়াত হন। দীর্ঘ বছর ধরে এই পুজোর মূল দায়িত্বে ছিলেন এরাই। তবে তাঁদের সেই ঐতিহ্য ও উত্তরাধিকারকে সামনে রেখেই এবার পুজো উদ্বোধন করলেন অভিনেত্রী কাজল।










