বঙ্গবাসীর জন্য সুখবর। পুজোয় আর বাধা হয়ে দাঁড়াবে না অসুর বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ১৮ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গ। আজ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের চার জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে পুজোর পরেই বদলাবে আবহাওয়ার চরিত্র (weather update)।
weather update: আবহাওয়ায় বদলের ইঙ্গিত
আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন, উত্তর তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর বায়ুমণ্ডলের ৪.৫ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে ওই অঞ্চলে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে। একই কারণে ওড়িশা উপকূলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে (weather update)।
আজ দক্ষিণবঙ্গে কেমন যাবে আবহাওয়া?
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, ১৭ অক্টোবর দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণের উপকূলবর্তী জেলাগুলির দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। এই তালিকায় রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ার উপকূলবর্তী এলাকা। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ১৮ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৮ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। ফলে এই সময়ে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।
উত্তরবঙ্গের ৪ জেলায় বৃষ্টির সম্ভাবনা
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। আজ, ১৭ অক্টোবর হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের ৪ জেলা—দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল, ১৮ অক্টোবর দার্জিলিং ও কালিম্পং জেলার দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ১৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়াও মূলত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আজ, ১৭ অক্টোবর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। শহর ও আশপাশের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী দু-তিন দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, যা মোটামুটিভাবে স্বাভাবিকের আশপাশেই থাকবে।
সব মিলিয়ে, আজ উপকূলবর্তী দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী কয়েকদিন রাজ্যের অধিকাংশ অঞ্চলে শুষ্ক আবহাওয়া বজায় থাকার ইঙ্গিত মিলছে।











