কলকাতা বিমানবন্দরে মঙ্গলবার দুপুরে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। (Kolkata Airport) বিমানবন্দরের ডোমেস্টিক ডিপার্চার এলাকায় একটি লিফট আচমকা ছিড়ে নীচে পড়ে যায়। ঘটনায় তিনজন কর্মী গুরুতর জখম হয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণ ব্যবস্থাকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে।
(Kolkata Airport) বিমানবন্দর সূত্রে খবর, মঙ্গলবার দুপুর প্রায় ১টা নাগাদ ডোমেস্টিক ডিপার্চার অংশের ৩৪ নম্বর লিফটে এই দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট লিফটটি গত কয়েকদিন ধরে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ ছিল। সেই সময়েই কাজ করতে গিয়ে এই বিপত্তি ঘটে।
কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) যাত্রীদের বিমানে পৌঁছনোর জন্য বাস ও এরোব্রিজ— দুই ধরনের ব্যবস্থাই রয়েছে। এরোব্রিজ ব্যবহার করতে হলে দোতলায় যেতে হয় এবং তার জন্য এসকেলেটর ও লিফটের ব্যবস্থা রয়েছে। সেই অবকাঠামোর অংশ হিসেবেই ব্যবহৃত হত ৩৪ নম্বর লিফটটি।
আহত তিনজনই পুরুষ কর্মী। তাঁদের মধ্যে দু’জনের বয়স ৫১ বছর এবং অপর জনের বয়স ২৭। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রথম আহত ব্যক্তির বুক ও পেলভিসে গুরুতর আঘাত লেগেছে এবং তাঁর একাধিক পাঁজরের হাড় ভেঙেছে। দ্বিতীয় ব্যক্তির মাথা ও বাম পায়ের গোড়ালিতে চোট রয়েছে, খুলির একাধিক অংশে আঘাত পাওয়ায় তাঁকে নিউরোসার্জারি বিভাগের তত্ত্বাবধানে রাখা হচ্ছে। ২৭ বছর বয়সী কর্মীর মাথায় আঘাতের পাশাপাশি দুই পায়ের একাধিক হাড় ভেঙেছে।
কী কারণে লিফটটি ভেঙে পড়ল এবং রক্ষণাবেক্ষণের সময় কোনও নিরাপত্তা ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
হঠাৎ কেন মোহনবাগানের সহ-সভাপতি পদ ছাড়লেন কুণাল ঘোষ? নিজেই জানালেন কারণ

