ধীরে ধীরে কমতে শুরু করবে বৃষ্টির দাপট, আর তার সঙ্গে ফের বাড়তে পারে গরমের অস্বস্তি (Kolkata Weather Forecast)। তবে তার মধ্যেও চলতি সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদদের মতে, মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকার উপর অবস্থানরত ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে প্রবেশ করা বিপুল জলীয় বাষ্পের প্রভাবে রাজ্যে অনুকূল আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বুধবার (৬ মে) পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাতের সঙ্গে ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার (৭ ও ৮ মে) রাজ্যের বিভিন্ন জেলায় ছিটেফোঁটা বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে। এই সময় দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০–৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
৯ মে পশ্চিমাঞ্চলের জেলাগুলি—পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম ও পশ্চিম মেদিনীপুরে—বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সঙ্গে ৪০–৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
১০ মে বৃষ্টির বিস্তার কিছুটা কমলেও বিচ্ছিন্নভাবে বজ্রঝড় ও দমকা হাওয়া বজায় থাকতে পারে।
জেলায় জেলায় অব্যাহত ভোট পরবর্তী হিংসা, ইটাহারের আক্রান্ত মোশারফ হোসেন
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ৭–১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
৭ মে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে। মালদা ও দুই দিনাজপুরে ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
৮ মে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বিক্ষিপ্ত বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে। তবে ৯ মে আবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টি বাড়ার পূর্বাভাস রয়েছে।
১০ মে-ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

