বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে ঘিরে রাজ্যজুড়ে উৎসবে মেতেছে পদ্ম শিবির। কোথাও আবির খেলা, কোথাও বিজয় মিছিল। তবে এরই মধ্যে উত্তর দিনাজপুরের ইটাহারে উত্তেজনার খবর। জয়ী তৃণমূল প্রার্থী মোশারফ হোসেন-এর গাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ, রায়গঞ্জ পলিটেকনিক কলেজের গণনাকেন্দ্র থেকে জয়ের শংসাপত্র নিয়ে বাড়ি ফিরছিলেন মোশারফ হোসেন। সোমবার বিকেলে, গণনাকেন্দ্র থেকে মাত্র একশো মিটারের মধ্যেই কলেজপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে দাবি। (West Bengal Election Results)
মোশারফের অভিযোগ, আচমকাই একদল দুষ্কৃতী তাঁর গাড়ি ঘিরে ফেলে এবং ইট, পাথর ছুড়ে আক্রমণ শুরু করে। শুধু তাই নয়, বাঁশ দিয়েও গাড়িতে আঘাত করা হয় বলে জানানো হয়েছে। এতে গাড়ির পিছনের কাচ ভেঙে যায় এবং গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এই ঘটনায় তিনি নিজেও আহত হন বলে দাবি করেছেন। তাঁর কথায়, “বিজেপির হামলায় আমার মাথা ও হাতে আঘাত লেগেছে।” যদিও প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, কোনও গুরুতর জখমের খবর পাওয়া যায়নি, তবুও ভোট পরবর্তী বিক্ষোভের ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে।
West Bengal Election Result 2026: রাজ্যে পালা বদলের পরই কলেজ ‘দখলমুক্তি’এবিভিপির, চলল তাণ্ডব-ভাঙচুর
তৃণমূল কংগ্রেস এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি তুলেছে। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। মোশারফ আরও দাবি করেন, ঘটনাস্থল থেকে বিজেপির এক কর্মীকে তৃণমূল কর্মীরা আটক করে পুলিশের হাতে তুলে দিলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। (West Bengal Election Results)
অন্যদিকে, উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি নিমাইচন্দ্র কবিরাজ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।ইতিমধ্যেই পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। কারা এই হামলার সঙ্গে যুক্ত, এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না, এবং ঠিক কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটল—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।










1 thought on “West Bengal Election Results: জেলায় জেলায় অব্যাহত ভোট পরবর্তী হিংসা, ইটাহারের আক্রান্ত মোশারফ হোসেন”