রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মোদির ছবি ঘিরে উত্তেজনা, সোনারপুরে সিপিএমের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ

Published on: September 19, 2026
---Advertisement---

সোনারপুরের কোদালিয়ায় সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। শুক্রবার রাতে রাজপুর-সোনারপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। সিপিএমের অভিযোগ, বিজেপির কর্মী-সমর্থকরাই পার্টি অফিসে হামলা চালিয়েছেন। শুধু অফিসে ভাঙচুর নয়, সেখানে থাকা লেনিনের মূর্তিতেও আঘাত করা হয়েছে বলে অভিযোগ। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, মোদির জন্মদিনের ব্যানার সরানোকে কেন্দ্র করে সাধারণ মানুষের ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটেছে। (CPIM Office Attack)

মোদির ছবি ঘিরে বিতর্ক

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে কোদালিয়ার একটি বহুতলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে মোদির ছবি-সহ ব্যানার লাগানো হয়। অভিযোগ, পরে সেই ছবি খুলে দেওয়া হয়। বিজেপির দাবি, সিপিএমের রাজ্য কমিটির সদস্য রাহুল ঘোষের নির্দেশেই ছবি সরানো হয়। (CPIM Office Attack)

রাহুল ঘোষ অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, অটোচালকরা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বহুতলের নিচে জায়গা চেয়েছিলেন। তিনি অনুমতি দিয়েছিলেন। পরে সেখানে মোদির ছবি লাগানো হয়। বহুতলে বিভিন্ন রাজনৈতিক মতের মানুষ থাকায় কোনও রাজনৈতিক নেতা বা নেত্রীর ছবি না লাগানোর কথা তিনি বলেন। এরপর ছবিটি খুলে নেওয়া হয় বলে তাঁর দাবি। রাহুলের অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় কয়েকজন তাঁর সঙ্গে বচসায় জড়ান। তাঁকে ধাক্কাধাক্কি করা হয় বলেও অভিযোগ করেন তিনি। পরে সিপিএমের পার্টি অফিসে হামলা চালানো হয়। অন্ধকারে অফিসে ভাঙচুরের পাশাপাশি লেনিনের মূর্তিতেও আঘাত করা হয়েছে বলে তাঁর দাবি।

বিজেপির পাল্টা বক্তব্য

বিজেপির সোনারপুর দক্ষিণ ৫ নম্বর মণ্ডলের যুব সভাপতি শুভ দত্ত পাল্টা অভিযোগ করেন। তাঁর দাবি, ১৭ সেপ্টেম্বর হরিতলার মোড়ে ১৪৪ ও ১৫২ নম্বর বুথের সংযোগস্থলে মোদির জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা ব্যানার লাগানো হয়েছিল। রাহুল ঘোষের কথাতেই সেই ব্যানার খুলে দেওয়া হয় বলে অভিযোগ তাঁর। শুভর দাবি, বিষয়টি নিয়ে শুক্রবার রাতে রাহুলের সঙ্গে কথা বলতে গেলে দু’পক্ষের মধ্যে বচসা হয়। তাঁদের সঙ্গে থাকা মহিলা যুব কর্মীদের সঙ্গে সিপিএম কর্মীরা খারাপ ব্যবহার করেছেন বলেও অভিযোগ করেন তিনি। পরে সাধারণ মানুষের ক্ষোভ থেকেই পার্টি অফিসে হামলা হয়েছে বলে দাবি শুভর। বিজেপির কোনও নেতা বা কর্মী এই ভাঙচুরে যুক্ত নন বলেও জানান তিনি। (CPIM Office Attack)

রাজনৈতিক পরিবেশ নিয়ে রাহুলের ক্ষোভ

রাহুল ঘোষ বলেন, কোদালিয়ায় রাজনৈতিক মতপার্থক্য থাকলেও আগে তা কখনও সংঘাতের পর্যায়ে পৌঁছয়নি। দলমত নির্বিশেষে এলাকার মানুষ একে অপরের সঙ্গে মেলামেশা করতেন। তাঁর অভিযোগ, হিংসার রাজনীতির মাধ্যমে সেই পরিবেশ নষ্ট করার চেষ্টা হচ্ছে। গ্রামের মানুষ হিসেবে এই ঘটনায় তিনি অত্যন্ত দুঃখিত বলেও জানান।

বিজেপির জেলা সভাপতি মনোরঞ্জন জোদ্দার বলেন, মোদির ছবিকে অপমান করার অভিযোগে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। সেই ক্ষোভের জেরেই এই ঘটনা ঘটেছে। (CPIM Office Attack)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment