কলকাতায় চাল ব্যবসায়ী শ্যামল ব্যাপারীর খোঁজে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার সকাল থেকেই কলকাতার চারটি জায়গায় অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। অভিযোগ, চাল আমদানি-রফতানির ব্যবসার আড়ালে হাওয়ালার মাধ্যমে কোটি কোটি টাকা পাচার করেছেন ওই ব্যবসায়ী। এমনকী, সাইবার অপরাধের সঙ্গেও তাঁর যোগ রয়েছে বলে দাবি ED-র। তবে অভিযানের সময় এখনও পর্যন্ত শ্যামল ব্যাপারীর সন্ধান পাননি তদন্তকারীরা। (ED Raid in Kolkata)
কামালগাজির অফিসেও ED-র তল্লাশি
ED সূত্রে খবর, শ্যামল ব্যাপারীর ব্যবসার মূল কেন্দ্র দক্ষিণ ২৪ পরগনার কামালগাজি। সেখানেই তাঁর অফিস রয়েছে। বুধবার সকালে সেই অফিস-সহ কলকাতার মোট চারটি জায়গায় তল্লাশি শুরু করেন ED আধিকারিকরা। প্রতিটি জায়গায় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় চলে তল্লাশি অভিযান। তদন্তকারীদের অভিযোগ, চাল আমদানি ও রফতানির ব্যবসাকে সামনে রেখে ইন্টারনেটের মাধ্যমে একাধিক আর্থিক অনিয়ম করা হয়েছে। এই কারবারে কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য সামনে এসেছে বলে দাবি ED-র। শুধু হাওয়ালা নয়, সাইবার অপরাধের যোগও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। (ED Raid in Kolkata)
গুয়াহাটির মামলার সূত্র ধরে তদন্ত
ED সূত্রে জানা গিয়েছে, এই আর্থিক দুর্নীতির অভিযোগে কিছুদিন আগে গুয়াহাটিতে একটি মামলা দায়ের হয়। সেই মামলার সূত্র ধরেই তদন্ত শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এর আগে কলকাতার লেকটাউনেও অভিযান চালিয়েছিলেন তাঁরা। এবার তদন্তের সূত্র ধরে কামালগাজিতে শ্যামল ব্যাপারীর মূল অফিসে তল্লাশি চালানো হচ্ছে। (ED Raid in Kolkata)
খোঁজ মেলেনি ব্যবসায়ীর
বুধবার সকাল থেকে অভিযান চললেও এখনও পর্যন্ত শ্যামল ব্যাপারীর সন্ধান পাননি ED আধিকারিকরা। তাঁর ব্যবসার ধরন এবং আর্থিক লেনদেন সম্পর্কে আরও তথ্য পেতে প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয়দের কাছ থেকে ব্যবসায়ীর গতিবিধি সম্পর্কে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, এই আর্থিক লেনদেনের জাল শুধু কলকাতায় সীমাবদ্ধ নয়। ভিনরাজ্যেও এই চক্রের যোগাযোগ থাকতে পারে। সেই সূত্র খতিয়ে দেখছেন ED আধিকারিকরা। বুধবার সকালেই এলাকায় কেন্দ্রীয় সংস্থার এমন অভিযানে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই অভিযোগগুলির সত্যতা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। (ED Raid in Kolkata)













