আজ ২১ শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন। যাঁদের মধ্যে রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত উল্লেখযোগ্য এবং এই কারণে এই দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আসছে। পরে ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করলে, ২০০০ সাল থেকে বিশ্বজুড়ে দিনটি পালিত হচ্ছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মুখ্যমন্ত্রীর বার্তা, ভাষার মর্যাদা রক্ষায় রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এদিন সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Mamata Banerjee’s X Post
উল্লেখ্য সম্প্রতি ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্তা এবং বাংলার মনীষীদের অপমানের অভিযোগে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। এই ইস্যুতে ভারতীয় জনতা পার্টি-র বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতি ইতিমধ্যেই তোলপাড়।এই আবহে নিজের শুভেচ্ছা বার্তায় বাংলার ভাষার উপর যে কোনও আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী। ভাষার সম্মান ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।
এক্স হ্যান্ডেল মুখ্যমন্ত্রী লেখেন,“রবীন্দ্রনাথ-নজরুল-সুকান্ত-জীবনানন্দের বাংলা শুধু নয়, আমরা সব ভাষাকেই সম্মান করি। এটা আমার গর্ব যে, আমাদের সময়ে হিন্দি, সাঁওতালি, কুরুখ, কুড়মালি, নেপালি, উর্দু, রাজবংশী, কামতাপুরী, পাঞ্জাবি, তেলুগু ভাষাকে আমরা সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছি। সাদরি ভাষার মানোন্নয়নেও আমরা সচেষ্ট হয়েছি।” তিনি আরও লেখেন, “হিন্দি অকাদেমি, রাজবংশী ভাষা অকাদেমি, কামতাপুরী ভাষা অকাদেমি, সাঁওতালি অকাদেমি – সব করা হয়েছে। এটাও সুনিশ্চিত করেছি যে, রাজ্যের প্রত্যেক ভাষাভাষী মানুষ তাঁদের মাতৃভাষায় পড়াশোনা করার সুযোগ পায়।” মমতার অঙ্গীকার, “একুশের এই পুণ্যদিনে আরও একবার অঙ্গীকার করছি – যেকোনো ভাষার উপর যদি আক্রমণ আসে – আমরা সবাই মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াব। সকল ভাষা সমানভাবে সম্মাননীয়।” Mamata Banerjee’s X Post
সব মিলিয়ে ভাষা নিয়ে যখন বঙ্গরাজনীতি সরগরম এমন পরিস্থিতিতে বাংলা ভাষাকে রক্ষা করার যে অঙ্গীকার মুখ্যমন্ত্রী নিলেন তা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সে বিষয়ে কোনও সন্দেহ নেই।











