গ্যাস সিলিন্ডারে আগুন লেগে মর্মান্তিক মৃত্যু মা ও ছেলের। রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের আমই এলাকায় রান্নাঘরে গ্যাস জ্বালানোর সময় আচমকা সিলিন্ডারে আগুন ধরে যায়। আগুন লেগে যায় বিপ্লব মণ্ডলের গায়ে (৩৫)। ছেলেকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন মা পুতুল মণ্ডল (৫৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আকস্মিক এই ঘটনায় এলাকায় শোক ও স্তব্ধতার আবহ তৈরি হয়েছে। (Gas Cylinder Fire in Buniadpur)
বিপ্লব মণ্ডল পেশায় রংমিস্ত্রি ছিলেন। কাজের সূত্রে মাঝেমধ্যেই ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবেও যেতেন। পরিবারে বাবা-মা ছিলেন। বোনের বিয়ে আগেই হয়ে গিয়েছে। বিপ্লবের বাবা গুড় তৈরির কাজ করেন। সংসারের প্রধান রোজগেরে ছিলেন বিপ্লবই। স্থানীয়দের কথায়, পরিবারের দায়িত্ব মূলত তাঁর কাঁধেই ছিল।
রবিবার দুপুরে বাড়ির রান্নাঘরে গ্যাস জ্বালানোর সময় আচমকা সিলিন্ডারে আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে বিপ্লবের শরীরে লেগে যায়। ছেলেকে বাঁচাতে গিয়ে আগুনে দগ্ধ হন মা পুতুল মণ্ডলও। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। (Gas Cylinder Fire in Buniadpur)
চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। যদিও সিলিন্ডার বিস্ফোরণ হয়নি, তবে রান্নাঘর-সহ বাড়ির বেশ কিছু জিনিসপত্র পুড়ে যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গ্যাস পাইপে লিকেজের কারণেই আগুন লাগতে পারে। ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ। (Gas Cylinder Fire in Buniadpur)









