নির্মাণ প্রক্রিয়া শেষ হওয়ার তিন মাসের মধ্যেই বিপত্তি ! হুড়মুড়িয়ে ধসে পড়ল জাতীয় সড়কে গার্ডওয়াল। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সকলে। রাস্তার গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালে ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের সরডাঙ্গা মোড়ের কলকাতা-বর্ধমান ১৯ নম্বর জাতীয় সড়কে। (National highway)
হঠাৎই বর্ধমান লেনে গার্ডওয়াল ধসে জাতীয় সড়কের উপরের একাংশ সম্পূর্ণ ভেঙ্গে পড়ে। প্রায় ৪০ ফুট রাস্তা জুড়ে নামে ধস। খবর পেয়ে মেমারি থানার পুলিশ ও ট্র্যাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। নিরাপত্তার কারণে ওই লেনের যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। যার জেরে জাতীয় সড়কে দীর্ঘ যানজট ও ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
সূত্রের খবর, মাত্র তিন মাস আগে এই রাস্তা সম্প্রসারণের কাজ শেষ হয়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের জিনিস দিয়ে রাস্তা তৈরি হয়েছে। এ নিয়ে তাঁরা প্রতিবাদও জানিয়েছেন। এরফলেই এত দ্রুত গার্ডওয়াল ধসে গিয়েছে। ভালো মানের জিনিস দিয়ে রাস্তা তৈরির দাবি জানিয়েছেন এলাকার মানুষজন।
ডিএসপি ট্র্যাফিক আশিস মণ্ডল জানিয়েছন, কলকাতা-বর্ধমান ফ্লাইওভারের সাইড লেন ধসে গিয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিশেষজ্ঞ দলের পরীক্ষা করার পরেই শুরু হবে মেরামতের কাজ।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও হয়।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, রাস্তা তৈরির সময় থেকেই নিম্ন মানের কাজের প্রতিবাদ করেছিলেন সাধারণ মানুষ। বিজেপির নেতারা ঠিকাদারের কাছ থেকে কাটমানি খেয়েছেন বলেই রাস্তার এই দশা। অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, কাটমানি খাওয়ার অভ্যাস তৃণমূলের। ঘটনার তদন্ত চাইছেন তারা। সেই সঙ্গে অভিযুক্তদের শাস্তির দাবি জানায় পদ্ম শিবির।









