ফের মেট্রোর ব্লু লাইনে আত্মহত্যার চেষ্টা। যার জেরে রবিবার সন্ধ্যায় ব্যাহত হয় স্বাভাবিক পরিষেবা। পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ দমদমের দিকে যাওয়ার জন্য নেতাজি ভবন স্টেশনে ঢুকছিল ট্রেন। হঠাৎই লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি।
কোনওক্রমে ট্রেন থামানোর চেষ্টা করেন চালক। ঘটনায় স্টেশন চত্বরে হুলস্থুল পড়ে যায়। যাত্রীরা ছোটাছুটি করতে শুরু করে দেন। উদ্ধারের জন্য ছুটে আসেন মেট্রো রেলের কর্মীরা।
ঘটনার জেরে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত সম্পূর্ণ চলাচল বন্ধ থাকে। ট্রেন চলে শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার ও ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। রবিবার থাকায় এদিন অফিস যাত্রীদের ভিড় কম ছিল।
কিন্তু ছুটির দিন থাকায় শীতের আমেজ মেখে শহর কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়েছিলেন সাধারণ মানুষজন। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় ব্লু লাইনে মেট্রো বিভ্রাটের জেরে সমস্যায় পড়তে হয় অসংখ্য যাত্রীকে।
মেট্রোর ব্লু লাইনে এই ধরনের ঘটনা এর আগেও একধিক বার ঘটেছে। গত ২৯ ডিসেম্বর দমদমগামী মেট্রোর সামনে এক যাত্রী ঝাঁপ দেন। তার জেরেও ব্যাহত হয় মেট্রোর স্বাভাবিক চলাচল। আংশিক রুটে মেট্রো চালিয়ে বছর শেষের শহরের ভিড় সামাল দিয়েছিলেন মেট্রো কর্তৃপক্ষ। নতুন বছরের শুরুতেও সেই এক ঘটনা ঘটল। এদিনও আংশিক পথে মেট্রো চালাতে হয় কর্তৃপক্ষকে। প্রায় এক ঘণ্টা ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকে। মেট্রোর দাবি ৭টা ২২ মিনিটের পর থেকে পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হয়।












