এ রাজ্যে নেতা নেত্রীদের দলবদলের ছবি তো নতুন নয়। তাই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বঙ্গে বিজেপির জয়ের পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে বড় প্রশ্ন ছিল- তৃণমূল কংগ্রেসের কোন নেতাদের দলে নেবে বিজেপি। যদিও সেই সময় রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছিলেন, যাঁরা দুর্নীতি করেছেন বা মানুষের অর্থ লুট করেছেন, তাঁদের জন্য বিজেপির দরজা বন্ধ। পরে অবশ্য তিনি সুর নরম করে বলেন, ‘ভালো তৃণমূল’-এর জন্য বিজেপির দরজা খোলা রয়েছে। আর সেই বার্তার পর এবার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের তিন প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। এই ঘটনাকে ঘিরে ফের সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। (Ex TMC MP Joins BJP)
বৃহস্পতিবার সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে তিন নেতার হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। বিজেপি সূত্রে জানা গিয়েছে, যোগদান অনুষ্ঠানের আগে তিন নেতার সঙ্গে বৈঠকও করেন তিনি। সেই বৈঠকের পর সাংবাদিক বৈঠকে তাঁদের বিজেপিতে যোগদানের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর থেকেই দলের অন্দরে অসন্তোষ প্রকাশ্যে আসতে শুরু করে। দলীয় নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলেন সুখেন্দুশেখর রায়। এরপর তিনি রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেন। পরে একই পথে হাঁটেন সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকও। তাঁদের পদত্যাগ সেই সময় রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে ওঠে।
রাজনৈতিক মহলে জল্পনা আরও বাড়ে যখন সুখেন্দুশেখর রায়কে তৃণমূলের কয়েকজন সাংসদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে দেখা যায়। অন্যদিকে, সুস্মিতা দেব অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি রাজ্যসভার সদস্যপদ এবং তৃণমূল কংগ্রেসের সদস্যপদ থেকে ইস্তফা দেন। কিছুদিনের মধ্যেই পদত্যাগ করেন প্রকাশ চিক বরাইকও। (Ex TMC MP Joins BJP)
বিজেপিতে যোগদানের পর শমীক ভট্টাচার্য বলেন, বাংলার উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের উপর আস্থা রেখেই এই তিন নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি বলেন, “এই মুহূর্তে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের একটাই পরিচয়—তাঁরা বিজেপির কর্মী।” একই সঙ্গে তিনি আবারও স্পষ্ট করে দেন, “যাঁরা মানুষকে লুট করেছেন, তাঁদের জন্য বিজেপির দরজা বন্ধ।”
সাতসকালে দরজায় কড়া নাড়ল ED, অন্ডালের সুভাষ নগরে প্রাক্তন ECL কর্মীর বাড়িতে হানা
এদিকে, তিন প্রাক্তন তৃণমূল সাংসদের যোগদানের পর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদেরএকাংশের মতে, এই তিনজনকে আগামী দিনে বিজেপি তাঁদের রাজ্যসভার প্রার্থীও করতে পারে। সেক্ষেত্রে তাঁরা আবারও সংসদের উচ্চকক্ষে ফিরতে পারেন, তবে এবার জোড়াফুলে নয় বিজেপির প্রতীকে।
যদিও বিজেপিতে যোগ দেওয়ার পর সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব কিংবা প্রকাশ চিক বরাইক—কেউই তাঁদের ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা বা সম্ভাব্য রাজ্যসভা প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেননি। তবে ‘ভালো তৃণমূল’-এর জন্য বিজেপির দরজা খোলা থাকার বার্তার পর এই তিন প্রাক্তন তৃণমূল সাংসদের আনুষ্ঠানিক বিজেপিতে যোগদান যে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। (Ex TMC MP Joins BJP)









