আধিকারিকদের দেওয়া মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে সিলমোহর, নবান্ন থেকে WBCS আধিকারিকদের পদোন্নতির বিজ্ঞপ্তি দু’দিন আগেই রাজ্যে ডব্লিউবিসিএস আধিকারিকদের জন্য পদোন্নতির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই প্রতিশ্রুতিরে সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সিভিল সার্ভিস (এগজিকিউটিভ) আধিকারিকদের পদোন্নতি-নিয়োগ নিয়ে বুধবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। নয়া বিজ্ঞপ্তিতে তরুণ WBCS আমলাদের জন্য মহকুমা শাসক বা এসডিও পদে উঠে আসা অনেক সহজ হল।
রাজ্য কর্মীবৃন্দ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে জানানো হয়েছে, সংবিধানের ৩০৯ অনুচ্ছেদের অধীনে রাজ্যপালের সম্মতিতে ২০২১ সালের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এগজিকিউটিভ) অফিসার্স (পে) রুলসে এই সংশোধন এসেছে।
নতুন নিয়মে কোনও WBCS অফিসার টানা ৫ বছর সন্তোষজনকভাবে কাজ করলে তিনি মহকুমা শাসক বা সমতুল পদের যোগ্য হবেন। ওই ৫ বছরে প্রবিশনকাল, শিক্ষানবিশ পর্ব এবং বিডিও হিসেবে কাজের সময়ও অন্তর্ভুক্ত। আগে অভিজ্ঞতার জটিল মাপকাঠি পদোন্নতির পথে বাধা সৃষ্টি করত। নতুন নিয়মে তা স্পষ্ট হলেও বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে,৫ বছর পূর্ণ মানেই বাধ্যতামূলক পদোন্নতি নয়। প্রশাসনিক প্রয়োজন,শূন্যপদের প্রাপ্যতা এবং সরকারের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে। অতিরিক্ত মুখ্যসচিব বৈদ্যনাথ মণ্ডলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি নবান্ন থেকে জারি হয়েছে।
প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে,এই সংস্কার জেলা প্রশাসনে গতি আনবে। প্রাক্তন মুখ্যসচিব সুমান্ত চৌধুরী বলেন, “বিডিও হিসেবে সফল তরুণরা দ্রুত মহকুমা সামলাতে পারলে অভিজ্ঞতার সঠিক প্রয়োগ হবে এবং আমলাদের মনোবল বাড়বে।” এর ফলে WBCS-এর ক্যাডারে উৎসাহের আভাস দেখা দিয়েছে।
প্রসঙ্গত, আগেই অতিরিক্ত পদ তৈরির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানিয়ে আবেদন করেছিলেন ডব্লিউবিসিএস আধিকারিকেরা। মুখ্যমন্ত্রী চিঠি দিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিধানসভা ভোটের আগে সেই প্রতিশ্রুতি কার্যকর হল।










1 thought on “মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে সিলমোহর, নবান্ন থেকে WBCS আধিকারিকদের পদোন্নতির বিজ্ঞপ্তি”