সোমবার সকালে কলকাতার আকাশ প্রধানত পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ জমবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দুপুর ও বিকেলের দিকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন থাকতে পারে ২২ ডিগ্রির আশপাশে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ২০.৪ ডিগ্রিতে, স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি উপরে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪১ থেকে ৮০ শতাংশের মধ্যে ঘোরাফেরা করেছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়নি। (Weather)
তবে আবহাওয়ার এই শুষ্ক চেহারা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। সমুদ্রে তৈরি হওয়া নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে সোমবার থেকেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দিনের শেষভাগে কলকাতা ও সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিও হতে পারে। (Weather)
দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের ৮ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বেশি। এর জেরে আকাশ মেঘলা থাকবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। (Weather)
উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও শীতের প্রত্যাবর্তনের কোনও ইঙ্গিত নেই। বরং দিন ও রাত—দুই সময়েই তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। ফলে বসন্তের শেষভাগেই গরমের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠছে। (Weather)










