---Advertisement---
lifezone nursing home

West Bengal Election: ‘দল যা বলবে করতে হবে?’, টিকিট না পেয়ে অবসরের ইঙ্গিত অসিতের, নতুন চুঁচুড়ার লক্ষ্য দেবাংশুর

March 18, 2026 6:58 PM
---Advertisement---

প্রার্থী ঘোষণা ঘিরে চুঁচুড়ার রাজনীতিতে জোর চর্চা। একদিকে নতুন প্রার্থী হিসেবে বড় লক্ষ্য স্থির করে ময়দানে নামলেন তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য, অন্যদিকে টিকিট না পেয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা শোনালেন বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। (West Bengal Election)

গত লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হয়েও বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছিলেন দেবাংশু। সেই তরুণ মুখের উপরেই এবার আস্থা রেখেছে দল। চুঁচুড়া বিধানসভা কেন্দ্র থেকে তাঁকেই প্রার্থী করা হয়েছে। এই আসনে টানা তিনবার জয়ী বিধায়ক অসিত মজুমদারকে এ বার আর টিকিট দেয়নি তৃণমূল। (West Bengal Election)

মঙ্গলবার সন্ধ্যায় চুঁচুড়ার ঘড়ির মোড়ে পৌঁছন দেবাংশু। তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন বহু তৃণমূল কর্মী-সমর্থক। সেখানেই তিনি বলেন, “পাঁচ বছরে নতুন চুঁচুড়া গড়ে তোলাই আমার লক্ষ্য। চুঁচুড়ার মানুষ যেভাবে এলাকা দেখতে চান, তাঁদের মতামতকে সঙ্গে নিয়েই উন্নয়নের কাজ করব।” দলীয় নেতৃত্ব তথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। (West Bengal Election)

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে দেবাংশুর দাবি, “গত বিধানসভা নির্বাচনে আমরা ২১৫টি আসন পেয়েছিলাম, বিজেপি পেয়েছিল ৭৭টি। মানে কিছু জায়গায় আমরা দুর্বল ছিলাম। এ বার বিজেপির আসন ৭৭ থেকে নেমে ৩৭-এর নিচে চলে আসবে।” পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেন, বিজেপি এখনও প্রার্থী দেয়নি, তারা তৃণমূলের প্রার্থী ঘোষণার অপেক্ষায় রয়েছে। (West Bengal Election)

বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে তাঁর কোনও কথা হয়েছে কি না, সে প্রশ্নে দেবাংশু জানান, এখনও কথা হয়নি। তবে তিনি বলেন, “আমি ওনার সন্তানের বয়সী। উনি আমার কাছে পিতৃতুল্য। যতই অভিমান থাকুক, সন্তানকে কখনও ফিরিয়ে দেবেন না।” (West Bengal Election)

অন্যদিকে, টানা তিনবারের বিধায়ক অসিত মজুমদারের গলায় আক্ষেপের সুর। ২০১১ সালে বামফ্রন্টের আমলে প্রথমবার চুঁচুড়া থেকে জয়ী হয়েছিলেন তিনি। তারপর পরপর তিনবার বিধায়ক থাকলেও এ বার টিকিট না পেয়ে হতাশ তিনি। তাঁর কথায়, “আমরা তো চুনোপুঁটি লোক, আমাদের সঙ্গে কেন কথা বলবে? আমি মনে করেছি আমার খামতি নেই, ওরা মনে করেছে আছে। না হলে তিনবার দেওয়ার পর এ বার দিল না কেন?”

তবে দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলেই জানান অসিত। তাঁর কথায়, “তিনবার টিকিট দিয়েছে, এ বার মনে করেছে দেবাংশু ভালো করবে, তাই দিয়েছে। দলকে ধন্যবাদ জানাই।” যদিও তাঁর সমর্থকদের মধ্যে হতাশা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে অসিত বলেন, “এ বার থেকে বই পড়ে, ক্লাব করে সময় কাটাব। প্রয়োজনে আবার ওকালতি শুরু করব। উকিলের ডিগ্রি ও বার কাউন্সিলের সার্টিফিকেট আছে, কোর্টে ফিরতে পারি।” স্পষ্ট জানিয়ে দেন, “রাজনীতি আর করব না, বিশ্রাম নিলাম। দল কাজ করতে বললেই করতে হবে নাকি?”

অন্য দলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে অবশ্য এখনই চূড়ান্ত কিছু বলতে চাননি অসিত। তিনি জানান, তাঁরও একটি রাজনৈতিক পরিবার রয়েছে, তাঁদের সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

চুঁচুড়ায় প্রার্থী বদলকে ঘিরে এই দ্বিমুখী বার্তা যে ভোটের আগে নতুন সমীকরণ তৈরি করছে, তা স্পষ্ট বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment