নিম্নচাপ যেন সরছেই না বঙ্গোপসাগরের উপর থেকে। ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ হলেও পশ্চিমবঙ্গের জন্য স্বস্তির বার্তা দিয়েছে হাওয়া অফিস । ওই নিম্নচাপ পশ্চিমবঙ্গ উপকূলে নয়, বরং তার থেকে বেশ অনেকটা দূরেই ঘনিয়েছে । আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার নিম্নচাপটি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উপকূলীয় মায়ানমার এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরের ২৪ ঘণ্টায় সেটি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন মায়ানমার, মিজোরাম, ত্রিপুরা ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যেতে পারে। একইসঙ্গে ধীরে ধীরে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। ( Weather Update )
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস বলছে, ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে দক্ষিণের সব জেলাতেই দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
যেমন থাকবে কলকাতার আবহাওয়া
বুধবার দিনভর কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। সেই সঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ সাধারণত মেঘলা হয়ে যেতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসে। নিম্নচাপের কোনও প্রভাবই পড়বে না শহর কলকাতায় । ( Weather Update )
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে
আজ, বুধবার দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও কোনও ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে উত্তরবঙ্গের সব জেলার দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ( Weather Update )











