অষ্টম দিনে দুবাইয়ে ফের ড্রোন হামলা। মধ্যপ্রাচের উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরশাহীতেও আতঙ্কের পরিস্থিতি। শনিবার দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের (Dubai Blast) কাছাকাছি একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এই হামলার জেরে বিমানবন্দরের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সাময়িকভাবে বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, হামলার কারণে বিমানবন্দর এলাকায় জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে।
ঘটনার পরবর্তী সময়েই ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুবাইয়ের উদ্দেশ্যে নির্ধারিত একাধিক ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। ফলে বহু যাত্রী বিমানবন্দরে সমস্যায় পড়েছেন। এদিকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত ক্রমেই তীব্র হয়ে উঠছে। সম্প্রতি তেহরানে মার্কিন হামলার পর ইরান বিভিন্ন জায়গায় পাল্টা আক্রমণ চালিয়েছে বলে দাবি করা হয়েছে। এই সংঘাতের প্রভাব এখন পশ্চিম এশিয়ার অন্যান্য দেশেও পড়তে শুরু করেছে।

বিমান সংস্থার ভ্রমণ পরামর্শ অনুসারে, দুবাই বিমানবন্দর, আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর, শারজা বিমানবন্দর, আক্রোতিরি বিমানবন্দর এবং ফুজাইরা আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটগুলি পরিচালনা করা হবে। ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার সুবিধার্থে পশ্চিম এশীয় শহরগুলি থেকে দিল্লি, মুম্বাই এবং হায়দ্রাবাদে ফিরতি ফ্লাইটগুলিও পরিচালনা করা হচ্ছে।
অন্যদিকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ইজরায়েল। রিপোর্ট অনুযায়ী, প্রায় ৮০টি ইজরায়েলি যুদ্ধবিমান ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। যদিও এই হামলার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি, তবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে বলে আন্তর্জাতিক মহল মনে করছে। পরিস্থিতির দিকে নজর রাখছে একাধিক দেশ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মাঝেই হুহু করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম।













1 thought on “Dubai Blast: দুবাইয়ে ফের ড্রোন হামলা, বন্ধ বিমান চলাচল, জারি হাই অ্যালার্ট”