একটা আকাশে চারটে চাঁদ! ঠিক শুনেছেন। এই রকমই বিরল অথচ নৈসর্গিক দৃশ্যর সাক্ষী থাকলো রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ। রবিবার রাতের আকাশে চাঁদের সমাগমের ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেটা সামনে আসতেইসকলের দৃষ্টি ও কৌতূহল আকর্ষণ করে। মুগ্ধ হন সাধারণ মানুষ।
তবে চাঁদ কিন্তু আকাশে একটাই ছিল। চাঁদের পাশে উজ্জ্বল গোলাকার আসলে প্যারাসেলিনা নামক একটি বায়ুমণ্ডলীয় আলোকীয় প্রভাব। যেগুলি দেখে মনে হচ্ছিল আক্ষরিক অর্থে আকাশে বসেছে চাঁদের হাট। এগুলিকে চলতি কথায় ‘মুন ডগ’ (Moon Dog) বলা হয়। ঠিক সূর্যের পাশের তৈরী হওয়া ‘সান ডগ’ (Sun Dog) -এর মতন।

এই বিরল দৃশ্য বা চলতি কথায় প্যারাসেলিনা ঘটে, যখন চাঁদের রশ্মি বায়ুমন্ডলের উচ্চতায় থাকা বরফের স্ফটিকের মধ্যে প্রবেশ করে। উচ্চতার শীর্ষে থাকা সিরোস্ট্র্যাটাস মেঘের মধ্যে এই বরফের স্ফটিকগুলি থাকে। তাদের আকৃতি হয় সমতল, ষড়ভুজাকার। এই আকৃতির কারণে তারা ক্ষুদ্র প্রিজমের ন্যায় আকাশে আলো ছড়িয়ে দেয়। যার কারণে চাঁদের উভয় পাশে উজ্জ্বল আলোক বস্তু দেখা যায়। যেগুলি দূর থেকে অবিকল চাঁদের মতই লাগে। আবার খুবই বিরল ক্ষেত্রে দুটির বেশি প্যারাসেলিনা তৈরী হয়। যার কারণে আকাশের একইসঙ্গে বেশ কয়েকটি চাঁদ দেখা যায়।
আলোকবিম্বগুলির উলম্ব আকার নির্ভর করে বরফের স্ফটিকের উপর। স্ফটিকের আকার যত বড় হয়, আলোর আকার ততই বৃহৎ এবং লক্ষ্যণীয় হয়।
পরিবেশ অনুকূল থাকলে হালকা রঙিন প্যারাসেলিনা লক্ষ্য করা যায়। হালকা লাল, ফেড হয়ে যাওয়া অরেঞ্জ এবং নীল রং চাঁদের কাছে লক্ষ্য করা যায়। তবে রংগুলি কম গাঢ় হওয়ায় চাঁদের উজ্জ্বল সাদা বর্ণের সঙ্গে মিশে যায়।











