মাঝরাতে আচমকা আকাশ কাঁপানো বিস্ফোরণ। আফগানিস্তানের পূর্ব ও উত্তর-পূর্ব সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা চালাল পাকিস্তান। কাবুলের দাবি, এই হামলায় এক ডজনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, আহত বহু। মৃতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে বলে দাবি। ঘটনাকে কেন্দ্র করে ফের তীব্র উত্তেজনা তৈরি হয়েছে দুই প্রতিবেশী দেশের সম্পর্কে। (Pakistan-Afganistan)
ইসলামাবাদের বক্তব্য, এটি ছিল ‘টার্গেটেড অপারেশন’। তাদের দাবি, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এবং পাকিস্তানবিরোধী জঙ্গি গোষ্ঠীর কয়েকটি ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। সম্প্রতি খাইবার পাখতুনখোয়া ও বালোচিস্তানে নিরাপত্তা বাহিনীর উপর ধারাবাহিক হামলার জবাব দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে পাকিস্তান। সাধারণ মানুষকে নিশানা করা হয়নি বলেও দাবি তাদের।
তবে কাবুলের সুর একেবারে উল্টো। তালিবান প্রশাসনের অভিযোগ, বোমা পড়েছে বেসামরিক এলাকায়। একাধিক বসতবাড়ি ভেঙে গিয়েছে, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন সাধারণ মানুষ। একটি মাদ্রাসায় ক্ষয়ক্ষতির কথাও জানানো হয়েছে। আফগান সরকারের দাবি, এটি তাদের সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন বিরোধী পদক্ষেপ। (Pakistan-Afganistan)
সীমান্ত ইস্যুতে বহুদিন ধরেই আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে ফাটল দেখা দিয়েছিল। পাকিস্তানের অভিযোগ, তাদের বিরুদ্ধে লড়াই করা সক্রিয় জঙ্গিদের আশ্রয় দিচ্ছে আফগানিস্তান। যদিও তালিবান সেই অভিযোগ অস্বীকার করেছে। নতুন এই হামলা সেই পুরনো দ্বন্দ্বকে আরও উসকে দিল।
এখন নজর কূটনৈতিক তৎপরতায়। পরিস্থিতি সামাল দিতে দুই দেশ আলোচনায় বসবে, নাকি সীমান্তে পাল্টা পদক্ষেপের ঝুঁকি বাড়বে— তা নিয়েই আন্তর্জাতিক মহলে জোর জল্পনা। আতঙ্কে দিন কাটাচ্ছেন সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ। (Pakistan-Afganistan)













1 thought on “Pakistan-Afganistan: আফগানিস্তানে পাকিস্তানের এয়ার স্ট্রাইক, মৃত বহু”