ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের মাঝেই নতুন করে বিতর্ক উসকে দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। এবার তাঁর নিশানায় কলকাতা (Pakistan Threatens Kolkata)। সম্ভাব্য সংঘাতের পরিস্থিতিতে ভারতের এই গুরুত্বপূর্ণ শহরে হামলা চালানো হতে পারে বলে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার সিয়ালকোটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসিফ দাবি করেন, ভারত যদি কোনও ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশন চালানোর চেষ্টা করে, তবে তার জবাব পাকিস্তান কলকাতায় হামলা চালিয়েই দেবে। তাঁর অভিযোগ, ভারত নিজের দেশের মানুষ কিংবা আটক পাকিস্তানিদের ব্যবহার করে সন্ত্রাসবাদী হামলার নাটক সাজাতে পারে।
এর আগেও ভারতের বিভিন্ন অঞ্চল, এমনকি আরএসএস ক্যাম্পে হামলার হুমকি দিয়েছিলেন তিনি। এবার সেই তালিকায় সরাসরি কলকাতার নাম উঠে আসায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। আসিফ আরও দাবি করেন, ভবিষ্যতে কোনও সংঘাত হলে তা শুধু সীমান্তবর্তী এলাকায় সীমাবদ্ধ থাকবে না, বরং ভারতের গভীর এলাকাতেও হামলা চালাতে পারে পাকিস্তান।
হরমুজ পেরোলো ভারতের সপ্তম এলপিজি ট্যাঙ্কার, সমাজ মাধ্যমে কী বার্তা দিল ইরান?
তবে এই সমস্ত অভিযোগের পক্ষে কোনও প্রমাণ পেশ করতে পারেননি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। তাঁর এই মন্তব্যকে ঘিরে আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রসঙ্গত, সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার জেরে ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু হয়। তার জবাবে ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ে।
এই আবহে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, ‘অপারেশন সিঁদুর’ বন্ধ হয়নি, কেবল স্থগিত রাখা হয়েছে। পাকিস্তান যদি আবার কোনও দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তবে তার ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে।
সব মিলিয়ে, পাকিস্তানের এই হুমকির পর দুই দেশের সম্পর্ক নতুন করে উত্তেজনার পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে কলকাতার মতো গুরুত্বপূর্ণ শহরের নাম উঠে আসায় উদ্বেগ বাড়ছে প্রশাসনিক ও কূটনৈতিক মহলে।

