ক্লাস চলছিল। ঠিক তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুল। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত প্রায় ২৭ জন পড়ুয়া। একজন স্কুল শিক্ষকেরও প্রাণ গিয়েছে। ধ্বংসস্তূপে এখনও চাপা পড়ে রয়েছে অনেকে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পেশোয়ারে মর্মান্তিক দুর্ঘটনা। ধ্বংসাবশেষের তলায় এখনও অনেকে চাপা পড়ে রয়েছে বলে অনুমান। এর মধ্যে অনেক শিশু আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে (pakistan)।
pakistan: ধ্বংসস্তূপে চাপা বহু পড়ুয়া
উদ্ধারকারী দলের এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার স্কুল শুরুর পর সকাল ৮টা ৪৮ নাগাদ পেশোয়ারের দির কলোনিতে ‘আল-খায়ের’ নামের একটি বেসরকারি স্কুলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রাই প্রথমে ভেঙে পড়া চাঙড় সরিয়ে আটকে পড়া শিশুদের উদ্ধার করতে শুরু করেন। বিলাল ফয়জি নামে পুলিশ এক আধিকারিক জানান, “ক্ষতিগ্রস্ত স্কুলে শিশুরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিল।” এই মুহুর্তে তাদের মধ্যে অনেকেই আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন (pakistan)।
স্থানীয় সূত্রে খবর, স্কুলবাড়িটির অবস্থা বেশ খারাপ ছিল। মূলত সেই কারণেই বাড়িটি ভেঙে পড়েছে বলে অনুমান। ওই স্কুল বাড়িটির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। তবে আশঙ্কা, আটকে পড়া শিশুদের অনেককেই হয়তো জীবিত অবস্থায় উদ্ধার করা যাবে না।
এই গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন ওই প্রদেশের নতুন গভর্নর। মর্মান্তিক ঘটনায় ইতিমধ্যেই দুঃখপ্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আহতদের চিকিৎসায় সবরকম ব্যবস্থা করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে সতর্কতা জারি করা হয়েছে। সন্তানদের খোঁজে স্কুলের সামনে ভিড় করেছেন বাবা-মায়েরা।












