ফের বড়সড় বিস্ফোরণ পাকিস্তানে। শনিবার উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় একটি পুলিশ চেকপোস্টে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালায় এক জঙ্গি। বিস্ফোরণে এখনও পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন আরও ৩০ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের মধ্যে শুল্ক ও আবগারি দফতরের দুই আধিকারিকও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও উদ্ধারকারী দলের সূত্রে খবর, শনিবার রাস্তার ধারে থাকা পুলিশ চেকপোস্টকে লক্ষ্য করে বিস্ফোরক বোঝাই গাড়িটি নিয়ে আসে হামলাকারী। চেকপোস্টের কাছে পৌঁছতেই গাড়িতে বিস্ফোরণ হয়। তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। ঘটনাস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল।
Suicide Bombing Attack: উদ্ধারকাজ শুরু, হাসপাতালে ভর্তি আহতরা
বিস্ফোরণের পরেই ডারাজিন্দা কেন্দ্রের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের দ্রুত কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতদের দেহও সেখানে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, বিস্ফোরণে ঠিক কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে বম্ব স্কোয়াড পাঠিয়েছে পুলিশ। হামলার পর গোটা এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
মদের দোকানে ঢুকে দুপাত্তর, বাঁদরের কাণ্ডে শোরগোল
হামলার দায় স্বীকার পাকিস্তানি তালিবানের
এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তানি তালিবান গোষ্ঠী। আফগানিস্তানে ২০২১ সালে তালিবান ক্ষমতায় ফেরার পর থেকে তাদের সঙ্গে টিটিপির সম্পর্ক থাকলেও, দুটি সংগঠন আলাদা।
উল্লেখ্য, চলতি মাসে ডেরা ইসমাইল খান-সহ খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকায় একের পর এক নিরাপত্তা সংক্রান্ত হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে পাকিস্তানি তালিবানের জড়িত থাকার অভিযোগও রয়েছে।
গত সপ্তাহেই খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় একই ধরনের হামলা হয়েছিল। সেখানেও বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে একটি মসজিদে ধাক্কা মারে হামলাকারী। বিস্ফোরণের তীব্রতায় পুলিশ দফতরের বাইরের দেওয়াল ভেঙে পড়ে এবং মসজিদটিরও ব্যাপক ক্ষতি হয়। মৃত্যু হয়েছিল ২১ জনের। আহত হয়েছিলেন ৭৮ জন। মৃতদের মধ্যে ১৫ জন পুলিশকর্মীও ছিলেন। (Suicide Bombing Attack)
ফল এক সপ্তাহের ব্যবধানে পরপর দু’টি বড় হামলায় পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।












