রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

চড়া দামের অভিযোগে বাজারে বাজারে অভিযান প্রশাসনের, রেট চার্ট ও বিল রাখার নির্দেশ

Published on: August 2, 2026
---Advertisement---

নিত্যপ্রয়োজনীয় জিনিস এবং বাজারের জিনিস পত্রে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রুখতে ‘বাজার পরিদর্শনে’ রাজ্য প্রশাসন।পুলিশ, ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, কৃষি বিপণন দফতর , গ্রাহক বিষয়ক দপ্তর, BDO অফিস এবং পুরসভার আধিকারিকরা বিভিন্ন বাজারে গিয়ে সবজি, মাছ, মাংস, ফল, মুদি সামগ্রী-সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাচাই করেন। একই সঙ্গে দোকানদারদের রেট চার্ট টাঙানো এবং বৈধ বিল সংরক্ষণের নির্দেশ দেওয়া হল । (West Bengal Market Inspection)

সোনারপুরে বাজারে হানা

রবিবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার গড়িয়া, রাজপুর-সোনারপুরের একাধিক বাজারে যৌথ অভিযান চালায় প্রশাসন। ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, নরেন্দ্রপুর ও সোনারপুর থানার পুলিশ, বিধায়ক প্রতিনিধি এবং পুর প্রতিনিধিরা সবজি, মাছ, মাংস, ডিম, ফল, মুদি সামগ্রীর দাম খতিয়ে দেখেন। অভিযানে ছিলেন বারুইপুর পুলিশ জেলার DSP শান্তনু মুখোপাধ্যায় এবং নরেন্দ্রপুর থানার IC সঞ্জীব চক্রবর্তী। (West Bengal Market Inspection)

DSP শান্তনু মুখোপাধ্যায় জানান, সাধারণ মানুষের স্বার্থে বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি রুখতেই এই অভিযান। ভবিষ্যতেও আচমকা পরিদর্শন চলবে। কোনও ব্যবসায়ী অতিরিক্ত দাম নিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অনেক দোকানে রেট চার্ট না থাকায় তা বাধ্যতামূলক করার বিষয়েও বাজার কমিটির সঙ্গে আলোচনা করা হবে।

ধূপগুড়িতে সরকারি রেট চার্ট মিলিয়ে দেখা

জলপাইগুড়ির ধূপগুড়ি দিন বাজারেও রবিবার বিশেষ অভিযান চালায় প্রশাসন। উপস্থিত ছিলেন BDO সোমনাথ হালদার, এসডিপিও অরিন্দম পাল চৌধুরী, কৃষি বিপণন দপ্তরের আধিকারিক এবং পৌরসভার প্রতিনিধিরা। সরকারি রেট চার্টের সঙ্গে বাজারদর মিলিয়ে দেখা হয়। ব্যবসায়ীদের একরকম দামে পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়। BDO জানান, এই নজরদারি নিয়মিত চলবে। প্রয়োজনে গোটা বাজারে একক রেট চার্ট চালু করা হবে। (West Bengal Market Inspection)

বসিরহাটে রেট চার্ট ও বৈধ বিল রাখার নির্দেশ

উত্তর ২৪ পরগনার বসিরহাটের একাধিক বাজারেও অভিযান চালায় ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, কৃষি বিভাগ, গ্রাহক বিষয়ক দফতর এবং পুলিশ। ফল, সবজি, মাছ, মাংস ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম পরীক্ষা করা হয়। প্রতিটি দোকানে রেট চার্ট টাঙানো এবং বৈধ ক্রয় বিল রাখার নির্দেশ দেওয়া হয়। প্রশাসন জানিয়েছে, প্রথমবার সতর্ক করা হলেও পরবর্তী অভিযানে অনিয়ম ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাত্রসায়র-কোতুলপুরে বাজারে এনফোর্সমেন্টের নজরদারি

বাঁকুড়া জেলার পাত্রসায়র ও কোতুলপুরের একাধিক বাজারে রবিবার সকালে যৌথ অভিযান চালাল এনফোর্সমেন্ট বিভাগ। অভিযানে ছিল পাত্রসায়র ও কোতুলপুর থানার পুলিশ, কৃষি বিপণন দফতর এবং সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকরা। সবজি, চাল, ডাল, ডিম-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে গিয়ে দাম যাচাই করা হয়। পাশাপাশি দোকানে মজুত থাকা পণ্যের পরিমাণও খতিয়ে দেখা হয়। কোথাও অতিরিক্ত দামে বিক্রি বা প্রয়োজনীয় পণ্য মজুত করে রাখা হয়েছে কি না, তাও পরীক্ষা করেন আধিকারিকরা। এই অভিযানে বাজারে কিছুটা চাঞ্চল্য ছড়ালেও, সাধারণ মানুষের স্বার্থে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতেই এই নজরদারি চালানো হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। (West Bengal Market Inspection)

শান্তিপুরেও যৌথ তল্লাশি

নদিয়ার শান্তিপুর বড় বাজার, স্টেশন বাজার ও ফুলিয়া বাজারে রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে পুলিশ, BDO অফিস এবং পৌরসভার আধিকারিকরা যৌথ অভিযান চালান। অতিরিক্ত দাম নেওয়া, নকল পণ্য বিক্রি, বাসি খাবার ও খাদ্যের মান পরীক্ষা করা হয়। ব্যবসায়ীদের সরকারি নিয়ম মেনে রেট চার্ট টাঙানো, বৈধ বিল রাখা এবং নির্ধারিত দামে পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, বাজারে স্বচ্ছতা বজায় রাখতে এই ধরনের অভিযান নিয়মিত চলবে। (West Bengal Market Inspection)

আরও পড়ুন :- পড়ুয়াদের পাতে ইসকনের খাবার, মেগা কিচেনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, মিড-ডে মিল প্রকল্পে বড় পদক্ষেপ


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “চড়া দামের অভিযোগে বাজারে বাজারে অভিযান প্রশাসনের, রেট চার্ট ও বিল রাখার নির্দেশ”

Leave a Comment