রাজ্যের মিড-ডে মিল প্রকল্পকে আরও আধুনিক ও উন্নত করতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। শনিবার (১ আগস্ট) দুপুর ১২টা নাগাদ কলকাতার তারাতলা থানার অন্তর্গত ১৬, ট্রান্সপোর্ট ডিপো রোডে ইসকন অন্নমিত্র ফাউন্ডেশনের (ISKCON Annamitra Foundation) অত্যাধুনিক মেগা কিচেনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষা দফতরের শীর্ষ আধিকারিক, শিক্ষামন্ত্রী, ইসকন অন্নমিত্র ফাউন্ডেশনের প্রতিনিধিরা, প্রশাসনের কর্তারা এবং বিশিষ্ট অতিথিরা। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী গোটা মেগা কিচেন ঘুরে দেখেন এবং কীভাবে খাবার তৈরি, প্যাকেটজাত ও স্কুলে পৌঁছে দেওয়া হবে, সেই পুরো ব্যবস্থার খোঁজ নেন।
আজ থেকেই ৪৪ হাজার পড়ুয়ার জন্য খাবার
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, ১ আগস্ট থেকেই কলকাতা পুর এলাকার প্রাক-প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তরের ৫০০টি সরকারি ও সরকার-পোষিত স্কুলে প্রায় ৪৪ হাজার পড়ুয়ার জন্য এই মেগা কিচেন থেকে পুষ্টিকর মধ্যাহ্নভোজ পাঠানো শুরু হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এই পরিষেবা আরও বাড়িয়ে প্রায় আড়াই লক্ষ পড়ুয়ার কাছে পৌঁছে দেওয়া হবে। (ISKCON Annamitra Mega Kitchen)
তিনি বলেন, এই কিচেনে আধুনিক যন্ত্রের সাহায্যে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে খাবার তৈরি হবে। রান্নার পর বিশেষ প্যাকেজিংয়ের মাধ্যমে খাবার নির্দিষ্ট সময়ে বিভিন্ন স্কুলে পৌঁছে দেওয়া হবে। এতে খাবারের গুণমান ও নিরাপত্তা বজায় থাকবে। (ISKCON Annamitra Mega Kitchen)
মেনুতে কী থাকছে?
মুখ্যমন্ত্রী জানান, প্রতিদিন একই খাবার দেওয়া হবে না। নির্দিষ্ট মেনু অনুযায়ী কখনও ভাত, কখনও খিচুড়ি বা পোলাও দেওয়া হবে। এর সঙ্গে থাকবে পনির বা ছানা, সয়াবিন কিংবা মরশুমি সবজি এবং মিষ্টি অথবা মরশুমি ফল। তিনি বলেন, এই খাবার ইসকনের নিজস্ব সাত্ত্বিক নিয়ম মেনে তৈরি হবে। তবে শিশুদের পুষ্টির কথা মাথায় রেখে রাজ্য সরকার আলাদা ব্যবস্থায় সপ্তাহে দু’দিন স্বনির্ভর গোষ্ঠীর (SHG) মাধ্যমে সেদ্ধ ডিমও দেবে। (ISKCON Annamitra Mega Kitchen)
ডিম বিতর্কের জবাব
মিড-ডে মিলে ডিম না থাকার অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ইসকনের নিজস্ব ধর্মীয় নিয়ম রয়েছে, তাই তারা নিরামিষ খাবারই পরিবেশন করবে। সেই নিয়মে সরকার কোনও হস্তক্ষেপ করবে না। তবে পড়ুয়াদের পুষ্টির বিষয়টি মাথায় রেখেই সরকার আলাদা করে সপ্তাহে দু’দিন ডিম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, বিষয়টি না জেনেই অনেকেই অযথা সমালোচনা করেছিলেন।
রাঁধুনিদের চাকরি যাবে না
মিড-ডে মিলের রাঁধুনিদের চাকরি নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, সে বিষয়েও আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, একজন রাঁধুনিরও চাকরি যাবে না। ইসকনের রান্না ও খাবার বিতরণ ব্যবস্থার সঙ্গে তাঁদের যুক্ত করা হবে। পাশাপাশি এতদিন যাঁরা মাসে ২ হাজার টাকা ভাতা পেতেন, তাঁদের ভাতা আগস্ট মাস থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করা হচ্ছে। রাজ্যের আর্থিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, এখনই আরও বেশি দেওয়া সম্ভব না হলেও ভবিষ্যতে পরিস্থিতি উন্নত হলে আরও সুবিধা দেওয়া হবে। (ISKCON Annamitra Mega Kitchen)
অপুষ্টি কমাতেই এই উদ্যোগ
মুখ্যমন্ত্রী বলেন, সরকারি স্কুলে মূলত মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও আর্থিকভাবে দুর্বল পরিবারের শিশুরাই পড়াশোনা করে। তাই তাদের হাতে ভালো ও পুষ্টিকর খাবার তুলে দেওয়া খুবই জরুরি। এই প্রকল্পের মাধ্যমে শিশুদের অপুষ্টি কমবে, স্বাস্থ্য ভালো থাকবে এবং স্কুলে উপস্থিতির হারও বাড়বে বলে তাঁর আশা।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন রাজ্যে বহু বছর ধরেই ইসকন অন্নমিত্র ফাউন্ডেশন সরকারের সহযোগিতায় সফলভাবে এই ধরনের প্রকল্প চালাচ্ছে। পশ্চিমবঙ্গেও সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই পরিষেবা শুরু করা হয়েছে। সরকারের পাশাপাশি বিভিন্ন শিল্প সংস্থা, দাতব্য প্রতিষ্ঠান এবং কর্পোরেট সংস্থার সামাজিক দায়বদ্ধতা (CSR) তহবিলের সহযোগিতাও এই প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। (ISKCON Annamitra Mega Kitchen)
ইসকনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা বললেন মুখ্যমন্ত্রী
ভাষণের এক পর্যায়ে শুভেন্দু অধিকারী বলেন, ইসকনের সঙ্গে তাঁর সম্পর্ক শুধুমাত্র মুখ্যমন্ত্রী হিসেবে নয়, একজন ভক্ত হিসেবেও। তিনি প্রয়াত ভক্তি চারু মহারাজকে স্মরণ করেন এবং অসুস্থ জয়পতাকা স্বামীর দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি উত্তরপ্রদেশে ‘পিএম পোষণ’ প্রকল্পে অতিরিক্ত পুষ্টিকর খাবার দেওয়ার উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও প্রশংসা করেন।
খুশি পড়ুয়ারা
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত নতুনপুকুর সুমন্ত বিদ্যাপীঠের অষ্টম শ্রেণির ছাত্র ত্রিশান দাস জানায়, সেদিন তাদের পোলাও, পনির, ভাত ও মিষ্টি খেতে দেওয়া হয়েছে। খাবারের স্বাদ তার খুব ভালো লেগেছে। মুখ্যমন্ত্রীকে কাছ থেকে দেখতে পেরে সে খুব খুশি বলেও জানায়।
শিক্ষা দফতরের মতে, এই মেগা কিচেন চালু হওয়ার ফলে মধ্যাহ্নভোজ প্রকল্প আরও স্বচ্ছ, আধুনিক ও কার্যকর হবে। একই সঙ্গে লক্ষ লক্ষ পড়ুয়ার কাছে নিয়মিত স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া অনেক সহজ হবে। (ISKCON Annamitra Mega Kitchen)
আরও পড়ুন :- কলকাতায় ফিরল রাত্রিকালীন বাস পরিষেবা, র্যাশ ড্রাইভিং রুখতে আসছে AI নজরদারি










