শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে সামনে রেখে বাংলাদেশে অশান্তি তৈরির চেষ্টা চলছে! আর সেই বিশৃঙ্খলার নেপথ্যে রয়েছে সীমান্তের ওপারের একটি মহল। বৃহস্পতিবার বাগেরহাটের কাটাখালীতে দাঁড়িয়ে কার্যত ভারতকে নিশানা করেই এমন বিস্ফোরক অভিযোগ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী (Tarique Rahman) তারেক রহমান। তাঁর দাবি, শ্রমিকদের দাবিকে হাতিয়ার করে দেশের শিল্প ও কারখানাগুলিকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে।
Table of Contents
শ্রমিক আন্দোলনের আড়ালে সীমান্তের ওপারের ষড়যন্ত্র?
বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের কাটাখালী এলাকায় পথসভায় বক্তব্য রাখতে গিয়ে (Tarique Rahman) তারেক রহমান বলেন, গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় অশান্তি তৈরির চেষ্টা চলছে। শ্রমিকদের মজুরি নিয়ে যে দাবি রয়েছে, তা বিবেচনা করতেই ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে সরকার। বোর্ড কাজও শুরু করেছে। আগামী এক-দু’মাসের মধ্যে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
তবে প্রধানমন্ত্রীর অভিযোগ, শ্রমিকদের ন্যায্য দাবির আড়ালে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি এবং একটি মহল সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। যদিও বক্তব্যে সরাসরি ভারতের নাম উল্লেখ করেননি তিনি।
কারখানা ভাঙচুরের অভিযোগ, নিশানায় বিরোধীরা
(Tarique Rahman) তারেক রহমানের দাবি, একদল দুষ্কৃতী বিভিন্ন কলকারখানায় গিয়ে ভাঙচুর চালাচ্ছে। ভাঙা হচ্ছে গাড়ি, যন্ত্রপাতি ও শিল্পপ্রতিষ্ঠান। তাঁর কথায়, কোনও প্রকৃত শ্রমিক কখনও নিজের কর্মসংস্থানের জায়গা ধ্বংস করতে পারেন না।
তিনি আরও অভিযোগ করেন, বিগত ১৫-১৬ বছর যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল এবং দেশের অর্থসম্পদ বিদেশে পাচার করেছিল, ২০২৪ সালের ৫ অগস্টের গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তারাই সীমান্তের ওপার থেকে কলকাঠি নাড়ছে।
শিল্প বাঁচানোর বার্তা প্রধানমন্ত্রীর
বাংলাদেশের পোশাকশিল্পের সূচনায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা স্মরণ করিয়ে (Tarique Rahman) তারেক রহমান বলেন, গত ৫০ বছরে গড়ে ওঠা এই শিল্প দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান ক্ষেত্র। লক্ষ লক্ষ মহিলা ও পুরুষ শ্রমিকের জীবিকা এর সঙ্গে জড়িত। কারখানা ধ্বংস হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিক ও তাঁদের পরিবার।
ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শ্রমিকদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
শিল্পায়নের লক্ষ্যে নতুন পরিকল্পনা
(Tarique Rahman) প্রধানমন্ত্রী জানান, খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা থেকে উত্তরাঞ্চলের পঞ্চগড় পর্যন্ত হাজার হাজার শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। দীর্ঘদিন অবহেলিত অঞ্চলগুলির উন্নয়ন এবং মানুষের কর্মসংস্থান বাড়ানোই লক্ষ্য। গত দুই সপ্তাহে দ্বিতীয়বার বাগেরহাট সফরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে BNP সরকার।














