অজ্ঞাতপরিচিত এক যুবকের দেহ উদ্ধার ঘিরে শোরগোল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। বুধবার বারুইপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের সদাব্রত ঘাটের কয়াল পাড়ায় আদি গঙ্গায় দেহ ভাসতে দেখেন স্থানীয়রা (Baruipur)।
Baruipur: বারুইপুরে দেহ উদ্ধারে চাঞ্চল্য
স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে আদি গঙ্গায় এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। বিষয়টি জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বারুইপুর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। এরপরেই মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা (Baruipur)।
স্থানীয়দের কথায় এই আদি গঙ্গার সামনেই একটি স্কুল রয়েছে। এই স্কুলের এক পড়ুয়া দেহটি দেখতে পান। সেই পড়ুয়াই গোটা বিষয়টি তার অভিভাবককে জানায়। বারুইপুর থানায় খবর দেওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়।
ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং কীভাবে বা তাঁর দেহ আদি গঙ্গায় এলো, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
অন্যদিকে, এই ঘটনাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। নিরাপত্তা নিয়ে প্রশ্নও তুলেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, আদি গঙ্গার পাশের রাস্তা দীর্ঘদিন ধরে জঙ্গল ও আবর্জনায় ভরে গিয়েছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হয় না। সন্ধ্যার পর এই এলাকায় নিয়মিত নেশার আসর বসে। ফলে জায়গাটি অসামাজিক কার্যকলাপের আখড়া হয়ে উঠছে বলে দাবি তাঁদের।
স্থানীয় এক বাসিন্দার কথায়, “কিছুদিন আগেও এখানে এমন আরও এক ঘটনা ঘটেছে। এই এলাকায় নানা রকম অসামাজিক কাজকর্মও হয়। অল্প বয়সি তরুণ-তরুণীরা নেশায় আসক্ত হয়ে পড়ে। আমরা প্রশাসনের কাছে চাই সামাজিক নিরাপত্তা”।
বিজেপি নেতা দিব্যজিৎ সেন বলেন, “স্থানীয়দের অভিযোগ শুনেছি। আমি প্রশাসনের ঊর্ব্ধতন কর্তৃপক্ষকে জানাব। প্রশাসন নিশ্চয় নজরে আনবে। এই জায়গা পুরসভার চোখের আড়ালে কীভাবে রইছে। পুরসভাকে বলব, জায়গাটি পরিষ্কার করতে”।
অজ্ঞাতপরিচয় ব্যক্তির পরিচয় জানা এবং মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে বারুইপুর থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করেছেন তদন্তকারীরা।










