বুধবার রাতে উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। জেনারেল বডি মিটিংকে কেন্দ্র করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর সমর্থকদের সঙ্গে এসএফআই (SFI)-এর সংঘর্ষে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আগুন জ্বালানো হয়। ইট-পাথর ছোড়া, ভাঙচুর এবং হামলার চেষ্টার অভিযোগও ওঠে। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান বাম নেত্রী দীপ্সিতা ধর ও এসএফআইএর রাজ্য কমিটির বর্তমান রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। দীপ্সিতার বক্তব্য, স্থানীয় বিধায়কের প্ররোচনায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। নাম না করে যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়কে বিঁধলেন দীপ্সিতা (Dipsita Dhar)।
Dipsita Dhar: “আপদকে সরিয়ে মাথার উপরে বিপদ”
দীপ্সিতা (Dipsita Dhar) বলেন, “স্থানীয় বিধায়কের প্ররোচনায় বিশ্ববিদ্যালয় জ্বালানোর পরিকল্পনা করা হয়েছে। এতেই বোঝা যায় আপদকে সরিয়ে বিপদকে আমরা মাথার উপরে বসিয়েছি। বিশ্ববিদ্যালয়কে জ্বালিয়ে দেওয়া ওদের কাছে কোনও ব্যাপার নয়। সারারাত বিশ্ববিদ্যালয়ে তান্ডব করার নির্দেশ দেওয়া হয়েছিল। একটা বিধায়কের কাজ তান্ডব চালানো না, লোকের পরিষেবা দেওয়া। যখন সারারাত যাদবপুর স্টেশনে বুলডোজার চলেছিল, তখন এই বিধায়ককে দেখা যায়নি। আর তাঁরা ওনাকে ভোট দিয়ে জিতিয়েছেন।”
তিনি আরও বলেন, যদি কেউ নির্বাচনে হেরে যান তবে কি তিনি কাজ করবেন না? আর যিনি জিতে গেছেন, তিনি তান্ডব চালাবেন? এটা কি গণতন্ত্র? জিবি-র সঙ্গে ছাত্র ইউনিয়নের কোনও সম্পর্ক নেই। জিবি মানে, জেনারেল বডি মিটিং। আপনি যদি কোনও বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ড হন আপনার অধিকার আছে আপনি জিবি ডাকবেন। জিবি একটা খুব স্বাভাবিক একটা মিটিং। বিজেপির বিধায়কের গায়ে আগুন লাগার কারণ আমি বুঝতে পারলাম না। আপনি জিবি মানে বোঝেন না? ছাত্র রাজনীতিতে ডেমোক্রেসি কোথায়, সেটা জানেন না? গতকাল থেকে যা ভিডিয়ো দেখছি তাতে দেখা যাচ্ছে বিজেপির বহিরাগতরা ঢুকে তান্ডব চালিয়েছে।”
এসএফআইএর রাজ্য কমিটির বর্তমান রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে-র (Dipsita Dhar) বক্তব্য, “মিডিয়াতে দেখলাম উনি যাত্রা করছিলেন। আসলে উনি গুন্ডাদের মদত দিয়ে আড়াল করছিলেন এবং পুলিশের উপর চাপ সৃষ্টি করছিলেন যাতে পুলিশ তদন্ত না করে। বিশ্ববিদ্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। অত্যন্ত ঘৃন্য ঘটনা। গোটা দেশজুড়ে ছাত্র আন্দোলনকে বিজেপি ভয় পাচ্ছে। বিধায়ক অগণতান্ত্রিক, তিনি নিও ফ্যাসিট মনোভাব নিয়ে চলেন। সেই কারণে উনি বলছেন, কীসের জিবি কী ব্যাপার।”










1 thought on ““বিশ্ববিদ্যালয় জ্বালানোর পরিকল্পনা”, যাদবপুরকাণ্ডে বিজেপি বিধায়ককে দুষলেন দীপ্সিতা ধর”