নিম্নচাপ খেলা সকাল থেকেই দেখাতে শুরু করেছে। কলকাতায় সোমবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। শহরের বিভিন্ন প্রান্তে ভোরবেলা থেকেই চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। নিম্নচাপের প্রভাব থাকায় আজ দিনভর আবহাওয়া এমনই থাকবে জানাচ্ছে ভারতীয় আবহাওয়া দফতর বা IMD (weather-update).
weather update: দক্ষিণবঙ্গে আবহাওয়া যেমন থাকবে
আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। IMD-র পূর্বাভাস এমনটাই বলছে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমের এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণে এই ৪ জেলার জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। IMD-র তরফে সোমবার জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর উপকূল ওড়িশা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর সক্রিয় সুস্পষ্ট নিম্নচাপটি একই এলাকায় অবস্থান করছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এগিয়ে যেতে পারে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দাপট দেখাবে বৃষ্টি (weather update)।
উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি
আজ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারের একটি বা দুটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।











