ভোটের আগে প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে কলকাতায় আবারও লিওনেল মেসিকে আনা হবে। প্রয়োজনে সাত দিন শহরে রাখার কথাও বলেছিলেন বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী (Papia Adhikari)। কিন্তু ভোট মিটে রাজ্যে পালাবদলের পর সেই প্রতিশ্রুতি নিয়েই এবার সুর বদলাল তাঁর। মেসিকে ফেরানোর কথা নাকি তিনি বলেছিলেন আবেগের বশে। এমনকি, মেসিকে সাত দিন কলকাতায় রাখার কথাটাও ‘বাড়াবাড়ি’ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন পাপিয়া। আর তাঁর এই বক্তব্য সামনে আসতেই নতুন করে শুরু হয়েছে বিতর্ক।
Messi Incident Kolkata: অভিশপ্ত সেই দিনের স্মৃতি এখনও তাজা
গত বছর ১৩ ডিসেম্বর এই শহরের জন্য ছিল এক লজ্জার দিন। যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে ঘিরে আয়োজিত অনুষ্ঠান নিয়ে যে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল সেই স্মৃতি শহরবাসীর কাছে এখনো টাটকা। অনেকই হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে ঠিকমতো দেখতেও পাননি। ফলস্বরূপ মেসি যুবভারতী ছেড়ে বেরিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতার একাংশ ভাঙচুরও চালায়। পরিস্থিতি সামলাতে তদন্তের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তে নেমে গ্রেফতার করা হয়েছিল অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্রু দত্তকে।
ভোটের আগে বড় প্রতিশ্রুতি
এই ঘটনার পরেই বিধানসভা নির্বাচনের আগে মেসিকে ফের কলকাতায় আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী। শুধু কলকাতায় মেসিকে আনার কথাই নয়, প্রয়োজনে তাঁকে সাত দিন শহরে রাখার কথাও বলেছিলেন তিনি। ফলে মেসি-কাণ্ডের পর নতুন করে কলকাতার ফুটবলপ্রেমীদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল।এরপর কেটে গিয়েছে বেশ কয়েক মাস। রাজ্যে পালাবদল হয়েছে, ক্ষমতায় এসেছে বিজেপি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, এবার কি সেই প্রতিশ্রুতি পূরণ হবে? মেসিকে কি সত্যিই কলকাতায় ফেরানো হবে?
হাতে ১৬ টনের ভারী ট্রাকের স্টিয়ারিং, এয়ার হোস্টেস থেকে ট্রাক চালক, কীভাবে স্বপ্নপূরণ নেহার?
এবার ‘আবেগের কথা’, বদলে গেল সুর
সম্প্রতি সামনে এসেছে পাপিয়ার একটি সাক্ষাৎকারের ভিডিয়ো। দর্পন টিভি নামে একটি চ্যানেলে পডকাস্টে অংশ নিয়ে মেসিকে সাত দিন কলকাতায় রাখার প্রতিশ্রুতি নিয়ে পাপিয়া অধিকারীকে প্রশ্ন করা হয়। তিনি জানন, সেই সময় তিনি মূলত আবেগের জায়গা থেকেই কথাগুলি বলেছিলেন।পাপিয়ার (Papia Adhikari) বক্তব্য, মেসি-কাণ্ডের পর বহু ছোট ছোট ছেলে তাঁর কাছে এসে নিজেদের কষ্টের কথা জানিয়েছিল। কেউ ২৫-৩০ হাজার টাকা খরচ করেও মেসিকে দেখতে পারেনি বলে আক্ষেপ করেছিল। তাদের কথা শুনেই তিনি আবেগপ্রবণ হয়ে মেসিকে ফের কলকাতায় আনার কথা বলেছিলেন। এমনকি, সাত দিন কলকাতায় রাখার কথা বলা কিছুটা ‘বাড়াবাড়ি’ হয়ে গিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
পাপিয়ার এই বক্তব্য সামনে আসতেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা। ভোটের আগে মেসিকে নিয়ে দেওয়া প্রতিশ্রুতি এখন ‘আবেগের কথা’ হিসেবে ব্যাখ্যা করা নিয়ে সমাজমাধ্যমেও নানা প্রশ্ন উঠছে। অনেকেই মন্তব্য করছেন, ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতির ক্ষেত্রে এমন আবেগের ব্যাখ্যা কতটা গ্রহণযোগ্য?
যদিও পাপিয়ার যুক্তি, কোনও রাজনৈতিক লাভের হিসাব থেকে নয়, মেসিকে দেখতে না পেরে কষ্ট পাওয়া ছোট ছোট ফুটবলপ্রেমীদের কথা শুনেই তিনি ‘মায়ের মতো’ আবেগ থেকে ওই কথা বলেছিলেন। ফলে এখন প্রশ্ন একটাই—ভোটের আগে মেসিকে ফেরানোর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা কি সত্যিই বাস্তবায়িত হবে, নাকি সেটি শুধুই আবেগের মুহূর্তের কথা হয়েই থেকে যাবে?











