পুজোর বাজারে নতুন টিভি, ফ্রিজ বা এসি কেনার কথা ভাবছেন? হাতে কিন্তু সময় খুব বেশি নেই। কারণ ১ অক্টোবর থেকে ফের বাড়তে চলেছে গৃহস্থালির বৈদ্যুতিন পণ্যের দাম। শিল্পমহলের খবর, এসি, এলইডি টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন-সহ একাধিক পণ্যের দাম ৩ থেকে ৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ফলে উৎসবের মরশুমে মধ্যবিত্তের পকেটে ফের চাপ পড়ার আশঙ্কা। (Electronic Goods Price Hike)
১ অক্টোবর থেকে বাড়বে দাম
শিল্প সূত্রের খবর, এসির দাম ৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। কয়েকটি সংস্থা ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং এলইডি টিভির দামও ৩-৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ব্লু স্টার, গোদরেজ অ্যাপ্লায়েন্সেস, হায়্যার, ডাইকিন এবং সুপার প্লাস্ট্রনিক্স ইতিমধ্যেই বিভিন্ন পণ্যের দাম ৪-১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছে। এলজি ও হিতাচি ব্র্যান্ডের এসি প্রস্তুতকারী জন কমফোর্টও প্রায় ৫ শতাংশ দাম বাড়িয়েছে। প্যানাসনিক এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। (Electronic Goods Price Hike)
কেন বাড়ছে দাম?
কাঁচামালের খরচই মূল কারণ। তামা, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের দাম বেড়েছে। পরিবহণ খরচও বেড়েছে। পশ্চিম এশিয়ার চলতি পরিস্থিতির প্রভাব এবং টাকার বিনিময় হারের অস্থিরতাও রয়েছে। ব্লু স্টারের ম্যানেজিং ডিরেক্টর বি থিয়াগারাজন জানিয়েছেন, উৎপাদন খরচ গত বছরের উৎসবের মরশুমের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেড়েছে। ইতিমধ্যেই এসি ও ডিপ ফ্রিজারের দাম ৫-৮ শতাংশ বাড়ানো হয়েছে।
পুরনো দামে কেনার সুযোগ
তবে পুজোর বাজারে কিছুটা স্বস্তি মিলতে পারে। অগস্ট-সেপ্টেম্বরে দাম বাড়ার আগে ডিলার ও ডিস্ট্রিবিউটররা অতিরিক্ত পণ্য মজুত করেছিলেন। সেই পুরনো স্টক এখনও বাজারে রয়েছে। গোদরেজের কমল নন্দীর মতে, এই মজুত আরও এক থেকে দেড় মাস চলতে পারে। হায়্যার ইন্ডিয়ার প্রেসিডেন্ট এন এস সতীশ জানিয়েছেন, ১ অক্টোবর থেকে রুম এসির দাম প্রায় ৫ শতাংশ বাড়বে। টিভি ও ওয়াশিং মেশিনের দামও ২-৩ শতাংশ বাড়তে পারে। (Electronic Goods Price Hike)
তামার দামেও চাপ
এসির উৎপাদন খরচ বাড়ার অন্যতম কারণ তামা। গত বছর প্রতি মেট্রিক টন তামার দাম ছিল প্রায় ৮-৯ হাজার ডলার। এখন তা প্রায় ১৪,৫০০ ডলার। একটি এসিতে প্রায় ৩-৪ কেজি তামা লাগে। ফলে আগামী কয়েক মাসেও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। হায়্যার জানুয়ারি পর্যন্ত ধাপে ধাপে মোট প্রায় ১৫ শতাংশ দাম বাড়ানোর পরিকল্পনা করছে। এদিকে ১৬ সেপ্টেম্বর থেকেই ডাইকিন এসির দাম ৮-১০ শতাংশ বাড়িয়েছে। টিভির ক্ষেত্রেও এসপিপিএল অক্টোবরের পর প্রায় ৭ শতাংশ দাম বাড়ানোর পরিকল্পনা করেছে। (Electronic Goods Price Hike)












