কুশল চক্রবর্তী
সেটা ছিল ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর। কেন্দ্রীয় সরকার ভারতীয় কর্পোরেট ট্যাক্স বা কর ৩০% থেকে কমিয়ে করেছিলেন ২২% শতাংশ। তার আগেও সরকার কিছু কিছু করে শিল্পের উপর কর কমিয়েছিল ২০১৭-২০১৯ এর মধ্যে। কিন্তু এবারের মতো সেটা এত বেশি ছিল না (indian corporate tax rate)।
আবার এই বছর খানেক আগের ব্যাপার। সেটা ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের ২২ তারিখের কথা, মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বেশ ভালোরকমই পরিবর্তন করেছিলেন জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিসেস করের। অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর থেকে করের বোঝা ১২% বা ১৮% থেকে কমিয়ে এনেছিলেন ৫%-এ। আশা করেছিলেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর লোকেদের কষ্ট অনেক লাঘব হবে, কারণ তাঁরা অনেক কম দামে দুধ, পনির, পাউরুটি, জীবনদায়ী ওষুধ, টুথপেস্ট আরও অনেক কিছু কিনতে পারবেন (indian corporate tax rate)।
শুধু তাই নয়, মাননীয় অর্থমন্ত্রী এই কথাও বলেছিলন যে, এই কর ছাড়ের ফলে দেশের মানুষের হাতে আসবে উদ্বৃত্ত প্রায় ২ লক্ষ কোটি টাকা যা কি না অর্থনীতিকে সব দিক থেকে উদ্বুদ্ধ করবে। সরকারের এই প্রচেষ্টাকে বলতে গেলে বেশিরভাগ মানুষই সাধুবাদ জানিয়েছিল। কিন্তু কিছু অভিজ্ঞ মানুষ এই কর ছাড়ের প্রকৃত লাভ মানুষের কাছে পৌঁছনো নিয়ে সংশয় প্রকাশ করেছলিন।
২০১৯ সালে ভারতীয় কর্পোরেট করে ছাড় দেওয়ার পর পরই ‘দ্য ইকনমিষ্ট’ পত্রিকার একটি সংখ্যায় বিভিন্ন অর্থনৈতিক বিশেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করেছিলেন যে ভারতীয় শিল্পপতিরা এই কর ছাড়ের ফলে উদ্বৃত্ত টাকা কি নতুন শিল্পে লগ্নি করবেন? নাকি এই কর ছাড়ের টাকা দিয়ে তাঁরা তাদের পূর্বের ধার শোধ করবেন? আর নতুন লগ্নি না হলে তো দেশেরে বেকারত্বের জ্বালা কমবে না। এমনকি কেউ কেউ বলেছিলেন যে উপভোক্তার চাহিদার অভাব আর মানুষের হাতে টাকার অভাবই ভারতের অর্থনীতির এই স্লথ গতির কারণ।
এমনকি কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন যে, এই শিল্পের কর ছাড়ের জন্য ১.৪৫ লক্ষ কোটি টাকা ভারত সরকারের সিন্দুকে যে আসবে না, তা ভারতবাসীর উন্নয়নের জন্য প্রয়োজনীয় টাকার যোগানে অসুবিধা করবে না তো? তবে হ্যাঁ, শিল্পের অগ্রগতির আশায়, তাৎক্ষণিক শেয়ার বাজার বেড়েছিল ৪.৫%।
আবার দেখুন, গত সেপ্টেম্বর মাসে জিএসটি ছাড় দেওয়া হয়েছিল এই ভেবে যে ভারতবাসী সস্তায় নানা নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে পারবে। আজ তা মরীচিকায় পরিণত হয়েছে। বিগত ছয় মাসে মুদ্রাস্ফীতি সব হিসাবকে ছাড়িয়ে গেছে। দুধ, পাউরুটি, বিস্কুট থেকে আরম্ভ করে নিত্য প্রয়োজনীয় সব কিছুর দাম আজ গগনচুম্বী। খুচরো মুদ্রাস্ফীতি ছাড়িয়ে গেছে ৬.৯%। শুধু খাবার জিনিসের দাম বেড়েছে ৮.৯৪%। সারা দেশে মানুষের মুখে সেই পুরনো কথা ঘুরছে, “থলে ভরে টাকা নিয়ে বাজার করতে যাও, আর পকেট ভরে জিনিস আনো।”
ইতিহাস ঘাঁটলে দেখতে পাওয়া যায় যে, ১৯৯০ সালে শিল্পের উপর যে কর ছিল ৪৮% তা ২০০০ সালে নেমে দাঁড়িয়েছিল ৩৫%। এর পর সেটা আরও কমে হয় ৩০%। কিন্তু এটা বলা মুশকিল যে, এই করের বোঝা কমলেও শিল্পের প্রসার সারা ভারতে সমানভাবে ঘটেছিল। আর শিল্পের প্রসার না ঘটলে যে চাকরির সুযোগ বাড়বে না, এটা তো বলাই বাহুল্য।
২০২৬ সালের ১৯ নভেম্বর ফিকির সভায় মাননীয় প্রধানমন্ত্রী শিল্পপতিদের প্রকারান্তরে যে কথাটা বলেছেন, “তাঁরা পেতে চান বেশী, দিতে চান কম” তা একবারে নির্মম সত্য। পরিসংখ্যান বলছে, ২০১৯ সালের কর ছাড়ের পর শিল্পপতিদের লাভ বেড়েছে ১৮% হারে আর তাঁরা কর্মচারীদের বেতন বাড়িয়েছে ১০% হারে আর চাকরি বাড়িয়েছে আরও কম, ৬.৫% হারে।
দুঃখ একটাই, ২০১৯ সেপ্টেম্বরের সিদ্ধান্তের ফলের সত্য অনুধাবন করতে লেগে গেল প্রায় ৭ বছরের মতো, দেখা যাক ২০২৫ সালের জিএসটি কমানোর প্রকৃত ফলের সত্য কবে উন্মচিত হয়।














