সকালের জলখাবারের টেবিলে রাখা একটি পাকা কলা, ব্যায়ামের আগে হালকা খাবার হিসেবে একটি কলা কিংবা বিকেলের খিদে মেটাতে এই ফলটির উপর ভরসা করেন অনেকেই। সহজলভ্য এবং পুষ্টিগুণে ভরপুর হওয়ায় প্রতিদিনের খাদ্যতালিকায় কলার জায়গা বেশ পাকা। এতে রয়েছে কার্বোহাইড্রেট, ফাইবার, পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি-6 এবং ম্যাগনেশিয়ামের মতো প্রয়োজনীয় উপাদান। কিন্তু কলা খাওয়ার জন্য কি নির্দিষ্ট কোনও সময় রয়েছে? সকাল, দুপুর নাকি সন্ধ্যায়—কখন কলা খেলে বেশি উপকার পাওয়া যায়? পুষ্টিবিদদের মতে, কলা খাওয়ার কোনও নির্দিষ্ট আদর্শ সময় নেই। বরং ব্যক্তির দৈনন্দিন কাজকর্ম, শারীরিক পরিশ্রম, খিদে এবং সামগ্রিক খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে কলা খাওয়ার উপযুক্ত সময়। (Best Time to Eat Banana)
সকালে কলা খেলে কী উপকার?
দিনের শুরুতে জলখাবারের সঙ্গে কলা খাওয়া ভালো অভ্যাস হতে পারে। কলায় থাকা কার্বোহাইড্রেট শরীরে শক্তি জোগাতে সাহায্য করে। অন্যদিকে, ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখতেও সাহায্য করে। তবে শুধু একটি কলা খেয়ে সকালের জলখাবার সেরে ফেলা সবসময় যথেষ্ট নয়। কারণ, এতে শরীরের প্রয়োজনীয় সব পুষ্টি পাওয়া যায় না। তাই ওটস, দুধ, দই কিংবা কয়েকটি বাদামের সঙ্গে কলা খেতে পারেন। একটি মাঝারি আকারের কলায় প্রায় ১০৫ ক্যালোরি, ২৮ গ্রাম কার্বোহাইড্রেট এবং ৩ গ্রাম ফাইবার থাকে। পাশাপাশি এতে পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি-6 ও ম্যাগনেশিয়ামও পাওয়া যায়। (Best Time to Eat Banana)
ব্যায়ামের আগে না পরে, কখন খাবেন?
শরীরচর্চার আগে কলা খাওয়া যেতে পারে। এতে থাকা কার্বোহাইড্রেট শরীরকে দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে। অনেকের ক্ষেত্রে ব্যায়ামের ৩০ থেকে ৬০ মিনিট আগে কলা খাওয়া সুবিধাজনক। তবে হজমের ক্ষমতা এবং শরীরচর্চার ধরন অনুযায়ী সময়ের পরিবর্তন হতে পারে। কলায় থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম পেশি এবং স্নায়ুর স্বাভাবিক কাজকর্মে সাহায্য করে। আবার ব্যায়ামের পরেও কলা খাওয়া যায়। সেক্ষেত্রে দই, দুধ কিংবা অন্য কোনও প্রোটিনসমৃদ্ধ খাবারের সঙ্গে খেলে তা ভালো স্ন্যাকস হতে পারে। (Best Time to Eat Banana)
সন্ধ্যায় কলা খেলে কি সমস্যা হয়?
অনেকের ধারণা, সন্ধ্যা বা রাতে কলা খাওয়া উচিত নয়। তবে এই ধারণার কোনও সর্বজনীন ভিত্তি নেই। সন্ধ্যায় খিদে পেলে বিস্কুট, চিপস বা প্যাকেটজাত খাবারের বদলে কলা খাওয়া ভালো বিকল্প হতে পারে। এতে থাকা ফাইবার পেট ভরা রাখতে সাহায্য করে। তবে কলা খাওয়ার পর কারও পেট ফাঁপা, গ্যাস বা অস্বস্তি হলে নিজের শরীরের প্রতিক্রিয়া বুঝে পরিমাণ কমানো যেতে পারে।
কলার রং ও পাকার উপরেও নির্ভর করে পুষ্টিগুণ
কলা কতটা পেকেছে, তার উপরেও পুষ্টিগুণের কিছু পরিবর্তন হয়। কাঁচা বা কম পাকা কলায় রেজিস্ট্যান্ট স্টার্চ বেশি থাকে। কলা পাকতে শুরু করলে সেই স্টার্চের কিছু অংশ শর্করায় পরিণত হয়। ফলে পাকা কলা তুলনামূলক দ্রুত হজম হতে পারে এবং রক্তে শর্করার মাত্রায় বেশি প্রভাব ফেলতে পারে। তাই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চাইলে কলার পরিমাণ এবং কীসের সঙ্গে খাচ্ছেন, সেদিকে নজর দেওয়া জরুরি। বাদাম বা দইয়ের সঙ্গে কলা খেলে খাবারে পুষ্টির ভারসাম্য বজায় রাখা সহজ হয়। (Best Time to Eat Banana)
ডায়াবিটিস থাকলে কি কলা খাওয়া যাবে?
ডায়াবিটিস থাকলেই কলা পুরোপুরি বাদ দিতে হবে, এমন নয়। তবে কতটা কলা খাচ্ছেন এবং সারাদিনে মোট কতটা কার্বোহাইড্রেট গ্রহণ করছেন, তা গুরুত্বপূর্ণ। বিশেষ করে বেশি পাকা বা বড় কলায় শর্করার পরিমাণ বেশি থাকতে পারে। তাই ডায়াবিটিস থাকলে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী কলার পরিমাণ ঠিক করা উচিত। কিডনির অসুখ বা অন্য কোনও শারীরিক সমস্যার কারণে খাদ্যতালিকায় বিধিনিষেধ থাকলেও বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।
সব মিলিয়ে, কলা খাওয়ার জন্য সকাল, দুপুর বা সন্ধ্যার মধ্যে কোনও একটি সময়কে সবার জন্য সেরা বলা যায় না। নিজের খিদে, শারীরিক পরিশ্রম এবং খাদ্যাভ্যাস বুঝেই কলা খাওয়া উচিত। নির্দিষ্ট কোনও সময়ে কলা খাওয়া এড়িয়ে যাওয়ার চেয়ে সঠিক পরিমাণে এবং সুষম খাবারের অংশ হিসেবে এই ফল খাওয়াই বেশি গুরুত্বপূর্ণ।














