অনেকেই শরীরচর্চা মানেই জিমে গিয়ে ট্রেডমিলে দৌড়নো বা কার্ডিও ওয়ার্কআউট করা। কিন্তু জানেন কি নাচের মাধ্যমেও শরীরকে ফিট রাখা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, মাত্র ৪৫ মিনিট ভরতনাট্যম অনুশীলন করলে জিমের কার্ডিও সেশনের মতো উপকার পাওয়া যেতে পারে। হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি শরীরের নমনীয়তা, ভারসাম্য, পেশির শক্তি এবং সঠিক অঙ্গভঙ্গি বজায় রাখতেও সাহায্য করে এই ধ্রুপদী নৃত্যশৈলী। (Bharatanatyam Health Benefits)
ভরতনাট্যম কীভাবে কার্ডিওর কাজ করে?
দিল্লির জেএমসি হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ রাজেশ ভাল্লার মতে, ভরতনাট্যমের অনুশীলনে দীর্ঘক্ষণ অর্ধবসা অবস্থায় থাকা, দ্রুত পায়ের কাজ, লাফানো এবং শরীরের বিভিন্ন অঙ্গ সঞ্চালনের ফলে হৃদস্পন্দন বেড়ে যায়। ফলে এই অনুশীলন মাঝারি থেকে উচ্চমাত্রার শারীরিক পরিশ্রমের পর্যায়ে পৌঁছতে পারে। যা দ্রুতগতির অ্যারোবিক্স বা জিমের কার্ডিও সেশনের সঙ্গে তুলনীয়। পাশাপাশি পায়ের পেশি, শরীরের মূল পেশি এবং বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয়ও বাড়ে।
যাঁরা নতুন করে ভরতনাট্যম শেখা শুরু করছেন, তাঁদের প্রথমে ১৫-২০ মিনিট অনুশীলন করে ধীরে ধীরে সময় বাড়িয়ে ৩০-৪৫ মিনিট করা উচিত। অভিজ্ঞরা আরও বেশি সময় অনুশীলন করতে পারেন। তবে ওয়ার্ম-আপ, বিশ্রাম এবং অনুশীলনের মাঝে বিরতি জরুরি। হাঁটু বা কোমরের সমস্যা থাকলে দীর্ঘক্ষণ গভীরভাবে হাঁটু ভাঁজ করে থাকা এড়িয়ে চলতে হবে। অনুশীলনের সময় ব্যথা হলে সেটিকে স্বাভাবিক বলে উপেক্ষা করা উচিত নয়।
শরীরের ভারসাম্য ও নমনীয়তা বাড়ায়
এনকেএস সুপার স্পেশালিটি হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগের প্রধান ফয়জ আহমেদের মতে, এক পায়ে ভর দিয়ে বিভিন্ন ভঙ্গি করা, দ্রুত ঘোরা এবং দিক পরিবর্তনের ফলে শরীরের ভারসাম্য বজায় রাখার ক্ষমতা বাড়ে। পাশাপাশি গোড়ালি, হাঁটু ও কোমরের আশপাশের পেশিও শক্তিশালী হয়।
নাচের সময় কোমর, মেরুদণ্ড, কাঁধ ও কবজির বিভিন্ন ধরনের নড়াচড়া হয়। এতে জয়েন্টগুলি স্বাভাবিক গতিসীমার মধ্যে সক্রিয় থাকে এবং জড়তা কমাতে সাহায্য করে। বয়স্ক মানুষ ও চোট থেকে সেরে ওঠা ব্যক্তিদের জন্যও এই ধরনের অনুশীলন উপকারী হতে পারে। তবে শুরুতেই কঠিন মুদ্রা করার চেষ্টা করা উচিত নয়।
ওজন নিয়ন্ত্রণ ও শরীরের গঠন বজায় রাখতে সাহায্য
নিয়মিত জোরালো নাচের অনুশীলনে ক্যালোরি খরচ হয়। চিকিৎসক রাজেশ ভাল্লার মতে, এক ঘণ্টা জোরালো নাচে উল্লেখযোগ্য পরিমাণ ক্যালোরি খরচ হতে পারে। একই সঙ্গে পা ও শরীরের মূল পেশির শক্তি এবং পেশির ভর বাড়তেও সাহায্য করে। তবে শুধু নাচ করলেই ওজন কমবে না। খাবারের অভ্যাস, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং দৈনন্দিন শারীরিক সক্রিয়তাও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসক ফয়জ আহমেদ। (Bharatanatyam Health Benefits)
অন্যদিকে, দীর্ঘক্ষণ মোবাইল বা ল্যাপটপের সামনে বসে থাকার ফলে অনেকের শরীরের স্বাভাবিক ভঙ্গি নষ্ট হয়। ভরতনাট্যমে বুক সোজা রাখা, মেরুদণ্ডের স্বাভাবিক অবস্থান বজায় রাখা, কাঁধ সমান রাখা এবং শরীরের মূল পেশিগুলিকে সক্রিয় রাখার অভ্যাস তৈরি হয়। এতে পিঠ, পেট ও কোমরের পেশি শক্তিশালী হতে পারে।
চিকিৎসক রাজেশ ভাল্লার পরামর্শ, সপ্তাহে প্রায় ১৫০ মিনিটের শারীরিক কসরতই কিন্তু নিষ্ক্রিয় জীবনযাপনের কারণে হওয়া পিঠে ব্যথা, জয়েন্টের জড়তা, ওজন বৃদ্ধি এবং হৃদযন্ত্রের সমস্যার ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।
তবে হাঁটু বা কোমরের আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, লিগামেন্ট বা মেনিসকাসে আগের চোট, অস্ত্রোপচারের ইতিহাস, জয়েন্ট অতিরিক্ত নমনীয় হওয়া কিংবা স্থূলতার সমস্যা থাকলে ভরতনাট্যম শেখার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।













