ফের নারী নির্যাতনের এক ভয়াবহ ঘটনা ঘটল ইরানে। পরিবারের অমতে প্রেমের সম্পর্কে জড়িয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন ১৯ বছরের এক তরুণী। আর সেই কথা পরিবারকে জানাতেই নেমে আসে ভয়াবহ পরিণতি। অভিযোগ, মেয়েকে প্রথমে জোর করে প্রায় ৩০টি ওষুধ খাওয়ান তাঁর বাবা-মা। এরপর মারধর করে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় তাঁকে। ঘটনাটি ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে ইরানে নারীদের নিরাপত্তা এবং তথাকথিত ‘অনার কিলিং’ নিয়ে।
নিহত তরুণীর নাম হেলিয়া ফাত্তাহি। তিনি প্রায় দু’মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পশ্চিম ইরানের সানানদাজ শহরে ঘটেছে এই ঘটনা। অভিযুক্ত বাবা ভোরিয়া ফাত্তাহি এবং মা লায়লা ভেইসকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। জেরার মুখে তাঁরা মেয়েকে খুনের কথা স্বীকার করেছেন বলে দাবি।
Iran Honour Killing Case: কীভাবে ঘটল এই নৃশংস ঘটনা?
পরিবার সূত্রে খবর, প্রেমিকের সঙ্গে সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা হওয়ার কথা গত সপ্তাহে পরিবারকে জানিয়েছিলেন হেলিয়া। বিষয়টি জানার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন তাঁর বাবা-মা। মানবাধিকার সংগঠন হেঙ্গাওয়ের দাবি, গত ২১ নভেম্বর প্রথমে আদালতে গিয়ে মেয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁরা। বাড়ি ফিরে হেলিয়াকে জোর করে প্রায় ৩০টি খিঁচুনির ওষুধ খাওয়ানো হয়। এরপর মারধর করা হয় তাঁকে। তাতেও মৃত্যু না হওয়ায় বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ।
হেঙ্গাও এবং হানা নামে দুটি মানবাধিকার সংগঠন এই ঘটনাকে ‘অনার কিলিং’ বলে উল্লেখ করেছে। হেঙ্গাওয়ের বক্তব্য, ইরানে মহিলাদের পারিবারিক হিংসা থেকে রক্ষা করার মতো কার্যকর আইন এবং অপরাধীদের জন্য কঠোর শাস্তির অভাবেই এই ধরনের ঘটনা ঘটছে।
এক সপ্তাহে পরপর তিন তরুণীর মৃত্যু
এই ঘটনার পর স্বাভাবিকভাবেই ইরানে মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানের মধ্যেই তিন তরুণীর মৃত্যুর ঘটনা সামনে এসেছে। গত ১৮ নভেম্বর গিলান প্রদেশে নিজের জন্মদিনের অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ২৩ বছরের সাদাফ হাঘবিনের। অভিযোগ, বিয়েতে রাজি না হওয়ায় তাঁর প্রাক্তন প্রেমিক তাঁকে খুন করেন।
এর আগে কেরমানশাহে পাঁচতলা থেকে পড়ে মৃত্যু হয় ১৬ বছরের স্কুলছাত্রী সোগান্দ সায়াদির। শিক্ষক সংগঠনের দাবি, বাবার কাছে বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন বলে আগেই স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন ওই কিশোরী। (Iran Honour Killing Case)
এদিকে, সম্প্রতি জনপ্রিয় গায়িকা পারাস্তু আহমাদি এবং তাঁর দলের চার সদস্যকে ৭৪ বার বেতের বারি মারা হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে অনলাইনে প্রকাশিত একটি গানের অনুষ্ঠানের জেরেই তাঁদের এই শাস্তি দেওয়া হয় বলে জানা গিয়েছে। সব মিলিয়ে ইরানে নারীদের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে ফের উদ্বেগ তৈরি হয়েছে।














