বাংলাদেশে ফিরতে হলে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরেই ফিরতে হবে। এমনই কড়া বার্তা দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আগামী ১৬ ডিসেম্বর দিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেশে ফেরার যে ইচ্ছা হাসিনা প্রকাশ করেছেন, তা-ও খারিজ করে দিয়েছেন তিনি। অন্যদিকে, হাসিনাকে দেশে ফেরাতে বিশেষ বিমান পাঠানোর দাবিকে ‘পাগলামি’ বলে কটাক্ষ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান। (Sheikh Hasina Bangladesh Return)
হাতকড়া পরেই ফিরতে হবে হাসিনাকে, জানাল ঢাকা
মঙ্গলবার ঢাকায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর হুমায়ুন কবির বলেন, “ইচ্ছা আর বাস্তবতা এক নয়। হাসিনা কোনও সাধারণ যাত্রী নন। তাঁকে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরিয়ে আনা সম্ভব। ফিরতে হলে বন্দি হিসেবেই ফিরতে হবে তাঁকে। থাকতে হবে কড়া নজরদারিতে, হাতে থাকবে হাতকড়া।”
প্রসঙ্গত, হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি রয়টার্সকে জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের দিন দেশে ফিরতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী। দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান পাঠানোর আবেদনও জানিয়েছেন তিনি। তাঁর যুক্তি, ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশের বিমানেই ভারতে এসেছিলেন হাসিনা। তাই ফেরার ব্যবস্থাও সরকারের করা উচিত। তবে সেই দাবি মানতে নারাজ ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান মহম্মদ আমিনুল ইসলামও জানিয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাউকে ফেরাতে বিমান পাঠানোর দাবি নজিরবিহীন। তাঁর কথায়, এই দাবি ‘পাগলামি’ ছাড়া আর কিছু নয়।
হাসিনার প্রত্যাবর্তন ঘিরে উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি
এদিকে, হাসিনার প্রত্যাবর্তন ঘিরে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। বিভিন্ন জায়গায় বিক্ষোভ, অগ্নিসংযোগ ও হিংসার ঘটনা ঘটছে। বাংলাদেশের সরকার এই ঘটনার পিছনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলির হাত রয়েছে বলে অভিযোগ করেছে।
সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন এনসিপি নেতা তথা সাংসদ নাহিদ ইসলাম। বৈঠকের পর তিনি সমস্ত রাজনৈতিক দলকে ‘ভারতীয় আধিপত্যবাদের’ বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দেন। তাঁর অভিযোগ, ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করার সুযোগ করে দিচ্ছে।
২০২৪ সালে দেশ ছেড়েছিলেন হাসিনা
উল্লেখ্য, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে চলে আসেন তিনি। পরে আন্দোলনকারীদের উপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হাসিনা। (Sheikh Hasina Bangladesh Return)
এদিকে, মঙ্গলবার ঢাকায় প্রায় ৬০টি দেশের কূটনৈতিক প্রতিনিধি এবং রাষ্ট্রসংঘ-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও হিংসার ঘটনা নিয়ে অবহিত করে বিদেশ মন্ত্রক। হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতকে একাধিকবার আবেদন জানিয়েছে বাংলাদেশ। তবে সেই আবেদন এখনও খতিয়ে দেখছে নয়াদিল্লি।














