নব্বইয়ের দশকের স্মৃতিতে ফের উঁকি দিতে চলেছে কমলালেবুর স্বাদের জনপ্রিয় পানীয় (Gold Spot) গোল্ড স্পট। ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনির স্ত্রী সাক্ষী ধোনির সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ছবি ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। ছবিতে ধোনি ও সাক্ষীর সঙ্গে দেখা গিয়েছে গোল্ড স্পটের ক্যান। আর তারপরেই প্রশ্ন, তবে কি দীর্ঘ ২৬ বছর পর ফের বাজারে ফিরছে একসময়ের জনপ্রিয় এই সফট ড্রিঙ্ক?
Table of Contents
সাক্ষীর ছবিতে জল্পনা তুঙ্গে
সপ্তাহান্তে সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করেন সাক্ষী। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। অনেকেই মনে করছেন, (Gold Spot) গোল্ড স্পটের প্রত্যাবর্তনের ইঙ্গিত দিতেই এই ছবি। কেউ লিখেছেন, “গোল্ড স্পট চেখে দেখতে খুব ইচ্ছা করছে”, আবার কারও প্রশ্ন, “এটাই কি সেই আসল গোল্ড স্পট?” তবে সাক্ষী বা ধোনির সঙ্গে এই ব্র্যান্ডের কোনও আনুষ্ঠানিক চুক্তি হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
১৯৫২ সালে পথচলা শুরু
১৯৫২ সালে পার্লে সংস্থার হাত ধরে ভারতে আত্মপ্রকাশ (Gold Spot) গোল্ড স্পটের। উজ্জ্বল কমলালেবুর রং এবং স্বাদের জন্য বিশেষ করে আট ও নয়ের দশকে শিশু-কিশোরদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিল পানীয়টি। থামস আপ, লিমকা ও মাজার মতো ব্র্যান্ডও ছিল পার্লের পানীয় ব্যবসার অংশ।
১৯৯৩ সালে পার্লের কাছ থেকে (Gold Spot) এই পানীয়ের ব্র্যান্ড অধিকার অধিগ্রহণ করে কোকা-কোলা। কিন্তু ২০০০ সালে বাজার থেকে গোল্ড স্পট সরিয়ে নেয় সংস্থাটি। একই ধরনের বাজারে নিজেদের আন্তর্জাতিক ব্র্যান্ড ফ্যান্টাকে জায়গা করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
কেন ফিরছে গোল্ড স্পট?
দ্য ইকনমিক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী সপ্তাহেই ভারতীয় বাজারে ফিরতে পারে (Gold Spot) গোল্ড স্পট। ২৬ বছর পর প্রত্যাবর্তনের ক্ষেত্রে কম চিনি অথবা চিনি ছাড়া সংস্করণ আনার পরিকল্পনা রয়েছে বলে খবর।
বিশেষজ্ঞদের মতে, নস্ট্যালজিয়া, বদলে যাওয়া ক্রেতাদের পছন্দ এবং সফট ড্রিঙ্কের বাজারে বাড়তে থাকা প্রতিযোগিতা এই প্রত্যাবর্তনের অন্যতম কারণ হতে পারে। পুরনো ক্রেতাদের স্মৃতি উস্কে দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের কাছেও জায়গা করে নিতে চাইতে পারে সংস্থাটি। তবে কোকা-কোলার তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।












