ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ঘরের মাঠে প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষা ইস্টবেঙ্গলের, আনোয়ারের বিকল্প খুঁজতে হাবাসের মাথাব্যথা

East Bengal vs Delhi FC
---Advertisement---

আইএসএলের চলতি মরসুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামছে ইস্টবেঙ্গল। শুক্রবার কলকাতায় তাদের প্রতিপক্ষ দিল্লি এফসি। তবে ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয় তুলে নেওয়া সহজ হবে না লাল-হলুদের কাছে। কারণ, শেষ ম্যাচে মুম্বই এফসির বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে থেকেও তিন গোল করে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে দিল্লি। ফলে সেনা, হামতে, রডরিগিনহো ও সৌরভ দাসদের নিয়ে তৈরি দিল্লি যে কলকাতায় এসেও ইস্টবেঙ্গলকে চাপে ফেলার চেষ্টা করবে, তা বলাই যায়। অন্যদিকে, চেন্নাইয়িন এফসির কাছে ৩-৫ গোলে হারের ধাক্কা কাটিয়ে ঘরের মাঠে প্রথম জয় তুলে নেওয়াই এখন আন্তোনিও লোপেজ হাবাসের প্রধান লক্ষ্য।

আনোয়ারের চোটে চিন্তা, বিকল্প খুঁজছেন হাবাস

শেষ ম্যাচের ১২ দিন পর মাঠে নামছে ইস্টবেঙ্গল। কিন্তু চোটের সমস্যা থেকে পুরোপুরি মুক্তি পায়নি দল। বরং ডিফেন্ডার আনোয়ার আলির চোট নতুন করে চিন্তা বাড়িয়েছে কোচের। ফলে আনোয়ারের বিকল্প খুঁজে বের করাই এখন হাবাসের কাছে বড় চ্যালেঞ্জ।

সাংবাদিক সম্মেলনে জিকসনকে পাশে নিয়ে লাল-হলুদ কোচের কথায়, ফুটবলে চোট-আঘাত স্বাভাবিক বিষয়। কোনও একজন ফুটবলারের উপর নির্ভর করে দল চলতে পারে না। (East Bengal vs Delhi FC ISL)

গত ৩ নভেম্বর এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-এর লিগ ম্যাচে আলসীবের বিরুদ্ধে খেলতে নেমে ১৭ মিনিটেই চোট পান আনোয়ার। তাঁর পরিবর্তে মাঠে নেমেছিলেন সন্দীপ মান্ডি। এরপর থেকে জিভুলিচের সঙ্গে রক্ষণ সামলাচ্ছেন তিনি। আনোয়ারের অনুপস্থিতিতে সন্দীপই যে হাবাসের প্রথম পছন্দ, তা কোচের কথাতেই স্পষ্ট।

তবে সাফ কাপ জিতে সদ্য দেশে ফিরেছেন সন্দীপ। পর্যাপ্ত বিশ্রাম না দিয়ে খেলানোর পক্ষপাতী নন হাবাস। একই পরিস্থিতি জয় গুপ্তার ক্ষেত্রেও। ভারতীয় দলের নিউজিল্যান্ড সফর শেষ করে তিনিও সদ্য ফিরেছেন।

রক্ষণ থেকে আক্রমণ, দল সাজানোই বড় চ্যালেঞ্জ

টানা ক্লাব ও জাতীয় দলের হয়ে খেলার পাশাপাশি একাধিকবার যাতায়াতের ধকল যে ফুটবলারদের উপর প্রভাব ফেলছে, তা বুঝিয়ে দিয়েছেন হাবাস। তাঁর কথায়, পর্যাপ্ত বিশ্রাম না পাওয়ার ফল কী হতে পারে, তা আনোয়ারের চোট থেকেই বোঝা যাচ্ছে। এই পরিস্থিতিতে জিভুলিচের সঙ্গে রক্ষণে লালচুননুঙ্গা অথবা আনোয়ারের পরিবর্ত হিসেবে অন্য কাউকে খেলানোর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বরিশ সিংয়েরও খেলার সুযোগ রয়েছে।

অন্যদিকে, চোট সারিয়ে অনুশীলনে ফিরেছেন এডমুণ্ড। ডেভিডও প্র্যাকটিসে যোগ দিয়েছেন। তবে তাঁকে প্রথম একাদশে রাখার সম্ভাবনা কম। টানা ম্যাচ খেলার কারণে ক্লান্তি থাকায় পরিবর্ত ফুটবলার হিসেবেই তাঁকে ব্যবহার করতে পারেন কোচ।

বিদেশিদের মধ্যে রশিদ, জিভুলিচ, দানি রামিরেজের পাশাপাশি একে লোবার প্রথম একাদশে থাকার সম্ভাবনা রয়েছে। দল নির্বাচন নিয়ে হাবাসের বক্তব্য, ভারতীয় ও বিদেশি ফুটবলারদের মধ্যে তিনি আলাদা করে কোনও পার্থক্য করেন না। প্রত্যেকের কাছে সমান সুযোগ রয়েছে। পারফরম্যান্সই শেষ কথা।

আগামী ১৫ দিনে পাঁচটি ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। তাই ফুটবলারদের ক্লান্তি এবং একটানা খেলার ধকলের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে তাঁকে।

চেন্নাইয়ের হারের পুনরাবৃত্তি চান না হাবাস

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ৩-৫ গোলে হারকে আগেও দুর্ঘটনা বলে ব্যাখ্যা করেছিলেন হাবাস। এখনও সেই অবস্থানেই অনড় তিনি। তবে এমন ঘটনার পুনরাবৃত্তি যে আর চান না, তা স্পষ্ট। শুক্রবার দিল্লি এফসির বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয় তুলে নিতে মরিয়া লাল-হলুদ শিবির।

কিন্তু একদিকে আনোয়ারের চোট, অন্যদিকে জাতীয় দলের হয়ে খেলে সদ্য ফেরা ফুটবলারদের ক্লান্তি, সব মিলিয়ে দল সাজানো নিয়ে বেশ কিছু কঠিন অঙ্ক কষতে হচ্ছে হাবাসকে। ঘরের মাঠে প্রথম ম্যাচেই সেই অঙ্কের সঠিক সমাধান করতে পারেন কি না, এখন সেটাই দেখার।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now